পেলের চুল নিয়ে স্মারক হীরা
বয়স ৭৩ পেরিয়ে গেছে। কপালের আয়তনও বেড়েছে কিছুটা। কিন্তু এখনো পেলের মাথাভর্তি চুল তাঁর বয়সী যে কারও জন্য ঈর্ষণীয়!
কে জানে, কত দিন এমন থাকতে পারেন ফুটবলের রাজা। প্রাকৃতিক নিয়মে চুল না পড়লেও ভক্তদের আবদার মেটাতে গিয়ে না আবার টাকমাথা হয়ে যেতে হয়! ‘কালো মানিকের’ চুল দিয়েই যে হীরা বানানো হচ্ছে তাঁর পাঁড়ভক্তদের জন্য!
সাও পাওলোতে এক অনুষ্ঠানে স্বয়ং ব্রাজিলিয়ান কিংবদন্তি উন্মোচন করেছেন এই স্মারক হীরা। তাঁর চুল ব্যবহার করে উচ্চ চাপ ও
উচ্চ তাপমাত্রায় বিশেষভাবে তৈরি প্রতিটি হীরকখণ্ডের দাম সাড়ে সাত হাজার ডলার। হীরকখণ্ডগুলো থাকবে পেলের ছবি আঁকা সোনার বাক্সে। চাইলেও খুব বেশি মানুষ সুযোগটা নিতে পারবেন না। পেলের ক্যারিয়ার গোলসংখ্যার সঙ্গে মিলিয়ে হীরা বানানো হয়েছে এক হাজার ২৮৩টি। বিশ্বজুড়ে পেলের পাঁড়ভক্তের সংখ্যা অবশ্যই এর চেয়ে অনেক গুণ বেশি। হীরা নিয়ে কাড়াকাড়ি তো পড়তেই পারে!
নিজের চুল দিয়ে তৈরি হীরার উন্মোচন অনুষ্ঠানে গিয়েও বিশ্বকাপ আর ব্রাজিলের সম্ভাবনা নিয়ে কথা বলতে হয়েছে ‘দ্য কিং’কে। আরও একবার শুনতে হয়েছে ‘মেসি-রোনালদোর কে সেরা’—এমন প্রশ্নও।
পেলে অবশ্য দুজনেরই প্রশংসায় পঞ্চমুখ থাকলেন। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে মেসিকেই মনে করেন বেশি পরিপূর্ণ, ‘সে গোলের সুযোগ তৈরি করে আবার নিজেও গোল করে।’ তবে রোনালদোকেও তুলনা করেছেন তিন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে, ‘সে ভাভা কিংবা আমাদের রোনালদোর মতো। আবার ওঁকে দাদা মারাভিলহাও বলা যায়।’ ওয়েবসাইট।