
‘কলা-কাণ্ড’ নিয়ে সারা ফুটবল দুনিয়া যখন তোলপাড়, ব্রাজিলীয় কিংবদন্তি পেলের মতে ব্যাপারটি ‘চায়ের কাপে ঝড়’ ছাড়া আর কিছুই নয়।
বর্ণবাদ নিয়ে সারা ফুটবল দুনিয়া সোচ্চার। ঠিক তখনই পেলের এই মন্তব্য যেন স্রোতের বিপরীতেই হাঁটা। নিজ দেশের ফুটবলার দানি আলভেজ বর্ণবাদী এই ঘটনার শিকার হলেও তাঁর মুখ থেকে এই ব্যাপারে বেরোয়নি একটি শব্দও। উল্টো তিনি বলেছেন, ‘কলা কেন, আমার খেলোয়াড়ি জীবনে খেলোয়াড়দের দিকে আম পর্যন্ত ছুড়ে মারার ঘটনা ঘটেছে।’
বর্ণবাদের ব্যাপারে তাঁর বক্তব্যও একটু অন্য রকম, ‘কেবল ফুটবল দুনিয়া নয়, সারা পৃথিবীতেই এই ব্যাপারটা ছিল এবং আছে।’ তিনি ছুড়ে মারা কলা মাটি থেকে তুলে আলভেজের খেয়ে ফেলার ব্যাপারটি খুব বড় করে দেখতে রাজি নন, ‘এটা বর্ণবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেটাও আমি মনে করি না। এটা সামাজিক যোগাযোগের মাধ্যমকে কেবল উত্তেজিতই করেছে।’
নিজের দিকে দর্শকের ছুড়ে মারা কলা আলভেজের কুড়িয়ে খেয়ে ফেলার ব্যাপারটি ইতিমধ্যেই আলোড়ন তুলেছে ফুটবল দুনিয়ায়। প্রায় সবাই ব্যাপারটিকে একটি জঘন্য আচরণের বিপক্ষে চমত্কার প্রতিবাদ হিসেবেই অভিহিত করেছেন। এএফপি।