পেলের ছেলে আবার জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের মাটিতে বিশ্বকাপ, তার আগে আনন্দটাই মাটি হতে বসেছিল ফুটবলসম্রাট পেলের। অর্থ পাচার মামলায় যে ৩৩ বছর জেল হয়েছিল পেলের ছেলে এডিনহোর! সেবার এক সপ্তাহ জেলে থাকার পর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এডিনহো। তাই এই কয়েক মাস জেলের ঘানি টানতে হয়নি। কিন্তু দুই দিন আগে একটি স্থানীয় আদালত এডিনহোর আবেদন নাকচ করে দিয়ে গ্রেপ্তার করেছেন তাঁকে। এই রায়ে বিস্ময় প্রকাশ করে এডিনহোর আইনজীবী প্যানেল উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে অবশ্য জেলেই থাকতে হবে পেলের প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে এডিনহোকে৷ এএফপি।
এর আগে সান্তোসের কুখ্যাত এক ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে জড়িত সন্দেহে ২০০৫ সালে প্রথম গ্রেপ্তার হন এডিনহো। ছয় মাস জেলও খাটেন। তবে এবার আপিলে শাস্তি না কমলে সারা জীবন হয়তো জেলেই কাটাতে হবে। এখনই অবশ্য তাঁর বয়স ৪৪!