পেলের ছেলের ১৩ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারোলে মুক্তি পেয়েছিলেন। ঘুরে বেড়াচ্ছিলেন বাইরের জল-হাওয়ায়। তবে এডিনহোর সেই সুখের দিন শেষ। শাস্তির বিরুদ্ধে যে আপিল করেছিলেন পেলের ছেলে, সেটা ধোপে টেকেনি। জেলে যেতে হচ্ছে আবার। অর্থ ও মাদক পাচারের দায়ে প্রায় ১৩ বছর কারাবাস করতে হবে সান্তোসের সাবেক গোলরক্ষক এডিনহোকে। গত বৃহস্পতিবার আদালতের রায়ের পর পুলিশের কাছে ধরাও দিয়েছেন কিংবদন্তি ফুটবলারের ছেলে।

অর্থ ও মাদক পাচারের দায়ে ২০০৫ সালে এডিনহোকে আটক করেছিল পুলিশ। সবকিছু বিবেচনা করে বিচারক তাঁকে ৩৩ বছরের জেল দিয়েছিলেন। সেই সময়ে ছয় মাস কারাবাসের পর বিশেষ বিবেচনায় মুক্তি পেয়েছিলেন। এডিনহোর আপিলের পর বিষয়টি পুনর্বিবেচনা করেন আদালত। লাভ এটুকই যে, শাস্তি আগের চেয়ে কমেছে। তবে ১২ বছর ১০ মাসের কারাবাস করতেই হচ্ছে তাঁকে।

এডিনহো অবশ্য এই শাস্তি মেনে নিতে পারছেন না, ‘আমি ভীষণ হতাশ। কারণ, আমার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমি কখনোই এটা করিনি।’ এএফপি, রয়টার্স