পেলের জাদুঘর

‘আমি খুব বেশি কিছু বলতে চাই না৷ নইলে আমি কেঁদে ফেলব’—তাঁর বাষ্পরুদ্ধ কণ্ঠের সঙ্গে যেন ভেসে এল আটলান্টিকপাড়ের নোনা হাওয়া৷ চার হাজার বর্গমিটারের সুবিশাল ভবনের দিকে যেন তাকিয়ে ফিরে গেলেন সেই পঞ্চাশের দশকে৷ কে ভেবেছিল, সান্তোসের মাঠ মাতানো ছেলেটি একদিন পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে! সান্তোস বলার সঙ্গে সঙ্গেই হয়তো অনেকে বুঝে ফেলেছেন৷ পেলে যে এই ক্লাবে খেলেছেন, সেটা তো অনেকেই জানেন৷ যে শহর জানে তাঁর প্রথম সবকিছু, সেখানেই পরশু নিজের জাদুঘরের উদ্বোধন করলেন ফুটবলের সম্রাট৷
অনেক দিন থেকেই কাজ চলছিল পেলের এই স্মারক জাদুঘরের৷ শেষ পর্যন্ত উদ্বোধন হলো বিশ্বকাপের সময়ই৷ ক্যারিয়ারের সব ট্রফি, জাির্স, পুরোনো ছবিসহ বিভিন্ন ধরনের প্রায় আড়াই হাজার স্মারক থাকছে এই জাদুঘরে৷ খরচ হচ্ছে প্রায় দুই কোটি ২০ লাখ ডলার৷ সেটির উদ্বোধনে পরশু তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল-কিংবদন্তিকে ছুঁয়ে গেল আবেগ, ‘ঈশ্বরকে ধন্যবাদ সুস্থ দেহে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য৷ ১৯৫৮ সালে কেউ ব্রাজিলকে চিনত না৷ আজ আমার জাদুঘরের উদ্বোধনে সবাই এখানে এসেছে৷’

থাকার কথা ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের৷ থাকতে পারেননি, পরে এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আপনি আমাদের সবচেয়ে উজ্জ্বল তারা৷ আপনার কীর্তি অমর হয়েই থাকবে৷’
১৫ বছর বয়সে প্রথম খেলতে এসেছিলেন এই ক্লাবে৷ এরপর ১৮ বছর এখানে খেলে জিতেছেন সম্ভাব্য সবকিছুই৷ এই সময়ে ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জিতিয়ে নিজেকে নিয়ে গেছেন অনতিক্রম্য উচ্চতায়৷ এএফপি, ওয়েবসাইট