পেলের তালিকায় জায়গা নেই নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে ও নেইমার
পেলে ও নেইমার

পেলে যুগের পর সান্তোস আবারও কোপা লিবার্তোদোরেস জিতেছিল নেইমারের কল্যাণে। ৪৮ বছর পর দলকে দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিতিয়ে ‘নতুন পেলে’ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন নেইমার। পেলে যুগের পর সান্তোসের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলও করেছেন ব্রাজিলের এই বিস্ময়-বালক। কিন্তু সান্তোসের সর্বকালের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে নেইমারকে কোনো জায়গা দেননি পেলে। নিজের পরে সতীর্থ ভাসকনসেলোস আর কোর্টিনহোকেই দ্বিতীয় ও তৃতীয় স্থানটা দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

পেলে যে সান্তোসের সর্বকালের সেরা ফুটবলার, এ ব্যাপারে কারোরই সন্দেহ থাকার কথা না। সান্তোসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখনো পেলেরই দখলে। ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সান্তোসের জার্সি গায়ে ১১০৬টি ম্যাচ খেলেছেন পেলে। গোল করেছেন ১০৯১টি। সে সময় টানা দুই বছর সান্তোসকে কোপা লিবার্তোদোরেস শিরোপাও জিতিয়েছেন পেলে। তাঁর পরে সান্তোসের সর্বকালের সেরা খেলোয়াড়ের স্থানটা অনেকেই দিয়েছিলেন নেইমারকে। পেলে যুগের পর সবচেয়ে বেশি ১৩৮ গোল করেছেন নেইমার। পেলের পর ক্লাবকে কোপা লিবার্তোদোরেসও জিতিয়েছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু নেইমারকে দ্বিতীয় স্থানে বসানোটা বেশি বাড়াবাড়িই মনে হচ্ছে পেলের, ‘আমার মনে হয়, নেইমারকে দ্বিতীয় সেরা খেলোয়াড় বলাটা একটু বাড়াবাড়িই হয়ে যাবে। আমাদের আছে ভাসকনসেলোস আর কোর্টিনহোর মতো দুর্দান্ত খেলোয়াড়েরা। এখন পুরোপুরিই একটা অন্য যুগ চলছে যেখানে মিডিয়ার অতিকথন আমাদের সময়ের চাইতে অনেক বেশি হয়।’

পেলের সমসাময়িক সময়ে সান্তোসের জার্সি গায়ে ৩৭০টি গোল করেছিলেন কর্টিনহো, যা ক্লাবের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। তিনি খেলেছেন ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত। আর ভাসকনসেলোস ১৯৫৩ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত খেলে করেছেন ১১১টি গোল।

এ বছরের শুরুতে নেইমারকে খুব সাধারণ একজন খেলোয়াড় বলেও মন্তব্য করেছিলেন পেলে। বলেছিলেন, চুলের স্টাইল আর নিজের ভাবমূর্তির দিকে কম তাকিয়ে ফুটবলে মনোযোগ দেওয়া উচিত ব্রাজিলের উদীয়মান তারকার। এবারের মৌসুমের শুরুতে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমিয়েছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়।