পেলের পর জিকোর আক্ষেপ

ব্রাজিলিয়ানদের মনোজগতে চলছে দুই ধরনের খেলা। একটা অংশ নিবিষ্টমনে বুনে চলেছে ‘হেক্সা’র স্বপ্নজাল। অন্য অংশে উড়ে বেড়াচ্ছে শঙ্কার মেঘ। নিরাপত্তার বিষয়টি তো আছেই, ব্রাজিলিয়ানরা ভয় পাচ্ছে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির কথা ভেবেও। উদ্বিগ্ন পেলে-জিকোরাও। বিশ্বকাপবিরোধীদের প্রতিবাদ- বিক্ষোভ অব্যাহত থাকায় সেদিন পেলে যেমন বললেন তাঁর ভয়ের কথা, বিদেশিরা ব্রাজিল-যাত্রা বাতিল করতে পারে!
না, ‘সাদা পেলে’ বিক্ষোকারীদের বিপক্ষে যাননি৷ কাঠগড়ায় তুলেছেন আয়োজকদেরই। এই যে এত বিশৃঙ্খলা, প্রতিবাদ-বিক্ষোভ, সবই তো আয়োজকদের অদক্ষতা, দুর্নীতি, অনিয়মের জন্য। সঠিকভাবে আয়োজন করতে পারলে বিশ্বকাপ হতে পারত ব্রাজিলের অর্থনীতিকে চাঙা করার উপলক্ষ। কিন্তু ইতালিয়ান ক্রীড়া দৈনিক কোরিয়ারে দেল্লা স্পোর্তকে ৬১ বছর বয়সী জিকো বলেছেন, ‘ব্রাজিল সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। তাদের কোনো পরিকল্পনা ও প্রকল্প ছিল না।’
তিনিও চান বিশ্বকাপের সময় যেন প্রতিবাদ-বিক্ষোভ না হয়, ‘আশা করি, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি টুর্নামেন্টের মাত্রই কয়েক দিন আগে স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করবেন, অবশ্যই তা উদ্বেগের কারণ। স্টেডিয়াম নির্মাণ ব্যয়ের বড় অংশটা জোগান দেওয়া হয়েছে সাধারণ মানুষের টাকায়। এতে মানুষ খুশি নয়। যখন আয়োজকেরা বিশ্বকাপের আয়োজনভার পেল, তখন তারা বলেছিল সাধারণ মানুষের টাকা শুধু অবকাঠামোগত প্রকল্পে ব্যয় হবে।’ বিদেশি পর্যটকদের নিয়ে পেলের উদ্বেগের বিষয়ে বলেছেন, ‘ব্রাজিলের হাতে সময় ছিল পর্যটনশিল্পের উন্নয়নে পরিকল্পনা করা। কিন্তু সেসবের অধিকাংশই হয়নি। দর্শকেরা হতাশ, উদ্বিগ্ন। আমি মানুষকে খুশি দেখতে চেয়েছিলাম। প্রত্যেকেই চেয়েছিল এটা হবে বড় এক উৎসব। কিন্তু সঠিক চেতনা নিয়ে তা আয়োজন করা হচ্ছে না।’ রয়টার্স।