পেলের পাশে পেলে
অন্যকে দায়িত্বটা দেওয়ার ঝুঁকি নিচ্ছেন না। পেলে নিজেই নিজের ঢোল বাজিয়ে যাচ্ছেন। বাদ্য-বাজনাটাও নতুন কিছু নয়। শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তার পরও নতুন বোতলে পুরোনো সুধা ঢেলে পেলে আবারও বললেন, ‘নতুন পেলে আর কখনোই জন্মাবে না।’এবারের আফ্রিকান নেশনস কাপের স্বাগতিক দেশ গ্যাবনে অতিথি হয়ে এসেছেন পেলে। রাজধানী লিব্রেভিলের এল’আমিতি স্টেডিয়ামে তাঁর একটি মূর্তি উন্মোচন করা হলো। এই স্টেডিয়ামেই আগামীকাল হবে আফ্রিকান নেশনস কাপের ফাইনাল। সেই ফাইনালেও বিশেষ অতিথি হিসেবে থাকবেন পেলে। পরশুর অনাড়ম্বর অনুষ্ঠানটি জমিয়ে তুলতেই যেন গ্যাবনের রাষ্ট্রপতি আলী বঙ্গো ওন্দিম্বা সেই ‘চিরন্তন’ প্রশ্নটা তুলে বসলেন, ‘পেলের চেয়ে সেরা কে?’ উত্তরটা পেলে তাঁর সেই পুরোনো কৌতুক দিয়েই দিলেন, ‘আরেকটা পেলেকে জন্মাতে দেখা কঠিন। হতে পারে পেলের চেয়ে ভালো খেলোয়াড় আসবে, পেলের সমান মাপেরও কোনো খেলোয়াড় আসতে পারে। কিন্তু নতুন পেলে? অসম্ভব। কারণ আমার মা-বাবা যন্ত্রটা বন্ধ করে দিয়েছেন।’গ্যাবনে আগেও এসেছেন। ১৯৬৭ সালেও একবার এসেছিলেন তাঁর ক্লাব সান্তোসের হয়ে একটি সফরে। সেবার পেলেকে দেখার জন্যই গৃহযুদ্ধে বিবদমান দুটি পক্ষ যুদ্ধবিরতি করেছিল! সেই স্মৃতি রোমন্থন করে শান্তি প্রতিষ্ঠায় ফুটবলের যে দৈবক্ষমতা আছে, সেটিও মনে করিয়ে দিলেন এই কিংবদন্তি, ‘এই অঞ্চলে তখন গৃহযুদ্ধ চলছিল। সান্তোসের কোচ আর পরিচালক আমাকে সেখানে যেতে নিরুৎসাহিত করে বলেছিলেন, “তুমি সেখানে যেতে পারবে না, সেখানে তো যুদ্ধ চলছে। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো।” কিন্তু তার পরও আমি এসেছি। আমরা ডাকার, এখানে (লিব্রেভিল) আর কিনশাসাতে খেলেছি। বর্তমান রাষ্ট্রপতির বাবা (ওমর বঙ্গো) সে সময়কার রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি বলেছিলেন, “আমরা যুদ্ধ থামাব, কারণ আমরা পেলেকে দেখতে চাই।” সত্যি সত্যিই রাষ্ট্রপতি যুদ্ধ বন্ধ করে দিলেন! এটা ছিল দুর্দান্ত। তারা যুদ্ধ থামাল, আমরা এসে খেলে চলে গেলাম।’ এএফপি।