পেলের বন্ধু ম্যারাডোনা!
এ কী কথা শুনি আজ! ডিয়েগো ম্যারাডোনা আর পেলে—দুজনকে আমরা দুই মেরুর বাসিন্দা বলেই জানি। দুজনের ‘বৈরিতা’র ইতিহাসও অনেক পুরোনো। সরাসরি না হলেও দুজনকে সংবাদমাধ্যমে কথার লড়াইয়ে মাঝেমধ্যেই দেখা যায়। কখনো কখনো সেই কথার লড়াই দৃষ্টিকটুও লাগে। ম্যারাডোনার সবচেয়ে স্পর্শকাতর জায়গা তাঁর মাদক নেওয়ার অন্ধকার ইতিহাস নিয়ে খোঁচা দেন পেলে। আর ম্যারাডোনাও পেলের বয়স নিয়ে হরেক মন্তব্য করে পাল্টা খোঁচা দেন। দুজনই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন।তবে পেলে দাবি করছেন, ম্যারাডোনার সঙ্গে নাকি আসলে কোনো শত্রুতা নেই তাঁর। এই তথ্যেই চমকাবেন না। কারণ এর পর পেলে এই দাবিও করেছেন, ম্যারাডোনা নাকি তাঁর বন্ধুর মতোই! তাহলে দুজনকে যে সংবাদমাধ্যমে পাল্টাপাল্টি তোপ দাগাতে দেখা যায়? পেলের জবাব, সেসব নাকি রসিকতা করেই করেন তাঁরা!আর্জেন্টিনার দৈনিক ক্লারিন-এ পেলে বলেছেন, ‘ডিয়েগুইতো (ম্যারাডোনা) আমাকে ভালোইবাসে। আমরা আসলে দুজনে মিলে খেলি, এসব শুধুই খেলা। আমাদের সম্পর্ক এমনিতে দুর্দান্ত।’ এ ‘বন্ধুত্বে’র ব্যাপারে ম্যারাডোনার মন্তব্য অবশ্য এখনো পাওয়া যায়নি। ওয়েবসাইট।