পেলের বিশ্বাস, ব্রাজিলই জিতবে

ফুটবলগ্রেটদের তালিকায় একদিন হয়তো নাম লেখাবেন নেইমার। সাফল্যের মুকুটে যুক্ত হবে আরও অনেক পালক। শোকেস-ভর্তি ট্রফি নিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ারের সমাপ্তিই টানবেন হয়তো। কিন্তু একটি হতাশা বোধ হয় কখনোই ভুলতে পারবেন না। নিজ দেশে বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরার খুব কাছাকাছি গিয়েও যে ভাগ্যের ফেরে হারাতে হয়েছে! নেইমার নেই, তাঁর সতীর্থরা পারবেন কি না কে জানে। তবে পেলে বলছেন, ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে। যেভাবে পেলে না থাকার পরও ১৯৬২ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল!
১৯৫৮ বিশ্বকাপে মাত্র চার ম্যাচ খেলে ৬ গোল করেছেন ফুটবলসম্রাট, ফাইনালেই দুটি। জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। ১৯৬২ বিশ্বকাপে আসার আগে সান্তোসের হয়েও গোলের বন্যা বইয়ে দিচ্ছিলেন। দিব্যচোখে সবাই ২২ বছরের পেলের হাতেই বিশ্বকাপ ট্রফি দেখতে পাচ্ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই একটি গোল করলেন, সহায়তা করলেন আরেকটিতে। প্রত্যাশার পারদ আরও বাড়ল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে পেলে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। তবু শেষ পর্যন্ত পেলেবিহীন ব্রাজিলই বিশ্বকাপ জিতে নিল সেবার।
নেইমারকে ছাড়া এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতবে, এমনই বিশ্বাস কিংবদন্তি পেলের, ‘১৯৬২ বিশ্বকাপে আমিও চোটে পড়েছিলাম এবং শেষ পর্যন্ত আর খেলতে পারিনি। তবু সৃষ্টিকর্তা ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছিলেন। আমি বিশ্বাস করি, এবারও সেলেসাওরা বিশ্বকাপ জিতবে।’ ঘরের ছেলের এ রকম বিদায় মেনে নিতে পারছেন না তিনি, ‘আমার সান্তোস ক্লাবেই বেড়ে উঠেছে নেইমার। ও বিশ্বকাপে ব্রাজিলের হয়ে আর খেলতে পারবে না, এ খবর আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।’
’৬২-তে তবু গারিঞ্চা ছিলেন। পেলের বদলি হিসেবে খেলতে আসা আমারিলদোও দুর্দান্ত খেলেছিলেন। এবার নেইমারের বিকল্প কেউ হতে পারবেন কি? গোলডটকম।