পেলের ভবিষ্যদ্বাণী: অনুপ্রেরণা নাকি অশনিসংকেত?

খেলার মাঠে যতটা চৌকস-দৃষ্টিসম্পন্ন ছিলেন, অবসরের পর যেন তার উল্টোপথেই আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।ভুল বিশ্লেষণ আর উল্টাপাল্টা ভবিষ্যদ্বাণী করে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা কুড়িয়েছেন তিনি। তাঁর বিশ্লেষণে ফুটবল-সংশিলষ্টরা যে কতটা বিরক্ত তা বোঝা যাবে খোদ ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির মন্তব্যে, ‘আমার মনে হয় পেলে ফুটবলের ব্যাপারে কিছুই জানেন না। তাঁর বিশ্লেষণ সব সময়ই ভুল প্রমাণিত হয়। শিরোপা জিততে হলে আপনাকে পেলের কথা শুনতে হবে আর তারপর ঠিক বিপরীত কাজটা করতে হবে।’ স্কলারির সঙ্গে একমত হলে এখন থেকেই সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত জার্মানি আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের। কারণ এবারের বিশ্বকাপে ইউরোপের এই দুই দলকেই যে ফেবারিটের আসনে বসিয়েছেন পেলে।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কাউকে ফেবারিট বললে সেটা অনুপ্রেরণাই হওয়ার কথা। কিন্তু পেলের ভবিষ্যদ্বাণী এত নির্মমভাবে ভুল প্রমাণিত হয় যে সেটাকে অশনিসংকেত হিসেবেই বিবেচনা করেন অনেকে। ১৯৯৮ সালেও স্পেনকে ফেবারিটের আসনে বসিয়েছিলেন পেলে। সেবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল লা রোজাদের। ২০০২ সালে পেলের ফেবারিট ছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছিলেন, এ দুই দলই ফাইনাল খেলবে। কিন্তু দুই দলই ছিটকে পড়েছিল প্রথম রাউন্ড থেকে। ফ্রান্স এমনকি একটা গোলও করতে পারেনি। পেলের ভবিষ্যদ্বাণীর সবচেয়ে নির্মম শিকার হয়েছিল কলম্বিয়া। ১৯৯৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বের দুর্দান্ত পারফরম্যান্স দেখে কলম্বিয়ার ওপরে বাজি ধরেছিলেন পেলে। কিন্তু ভালদেরামা-অ্যাসপ্রিয়াদের কলম্বিয়াও বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে। আত্মঘাতী গোল করে গুলি খেয়ে মরতে হয়েছিল কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে।
এরকম আরও অনেক ভুল ভবিষ্যদ্বাণীর দৃষ্টান্ত স্থাপন করে কুখ্যাতিই কুড়িয়েছেন পেলে। তার পরও নিজের মতামত জানাতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বিশ্বকাপ কে জিতবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা বলা কঠিন। কারণ বিশ্বকাপের আসর থাকে বিস্ময়ে ভরা। ইতালি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো দলগুলোর সুযোগ সব সময়ই থাকে। তবে এ মুহূর্তে আমার মনে হচ্ছে সেরা দুটি দল স্পেন আর জার্মানি। বিশ্বকাপ কে জিতবে, সেটা আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে জার্মানি আর স্পেনই বিশ্বকাপ জয়ের ব্যাপারে সবচেয়ে ভালো অবস্থায় আছে।’
কিন্তু ব্রাজিল? নিজ দেশের সম্ভাবনার কথাও শোনা যায় পেলের মুখে। কিন্তু তাতে খুব বেশি জোর পাওয়া যায় না। সাম্প্রতিক এই সাক্ষাত্কারেই যেমনটা বলেছেন, ‘আমার জন্য, হ্যাঁ, প্রথমে তো ব্রাজিলই থাকে ফেবারিটদের মধ্যে। বিশ্বকাপে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আর্জেন্টিনা, ফ্রান্স বা ইতালির বিপক্ষে খেলাটা ব্রাজিলের জন্য কঠিন হবে।’ নিজের ভবিষ্যদ্বাণীর পরিণতি সম্পর্কে বোধ হয় পেলে নিজেও সচেতন। তাই তো জোর গলায় কখনোই বলেন না নিজ দেশ ব্রাজিলের কথা! ইয়াহু স্পোর্টস