পেলের লক্ষ্য রাশিয়া

শুরু হতে না-হতেই শেষ! ২৯ মিনিটেই ৫ গোল। গোলের খেলা বলেই হয়তো শেষ বিচারে কারও মেনে নিতে আপত্তি থাকে না। তাই বলে দেশের মাটিতে, নিজেদের দর্শকদের সামনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পুরো ম্যাচে খাবে ৭ গোল, হারবে ৭-১ গোলে! ব্রাজিল-জার্মানি সেমিফাইনালটি একেবারে পাগুলে ছিল। খেলার জগতে সবচেয়ে বড় বিপর্যয়ও বলছেন কেউ কেউ। ব্রাজিল সমর্থকদের হৃদয় যেন বেয়নেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে ওই ৭টি গোল। কাঁদছে ব্রাজিল, কাঁদছে দুনিয়াজোড়া ব্রাজিল সমর্থকেরা। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে কী ভাবছেন? তাঁর মনের কোণেও নিশ্চিত মেঘ জমেছে। সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরেছে কিনা জানা যায়নি। তবে অভিনন্দন জানিয়েছেন জার্মানি দলকে, আর এই প্রত্যাশা ব্যক্ত করেছেন, আগামী বিশ্বকাপেই ঘুরে দাঁড়াবে ব্রাজিল। তাঁর উত্তরসূরিরা ‘হেক্সা’ সফল করবে রাশিয়া ২০১৮ বিশ্বকাপেই। নিজের টুইটার পেজে পেলে লিখেছেন, ‘আমরা ষষ্ঠ শিরোপাটি নেব রাশিয়া থেকেই। অভিনন্দন জার্মানি!’ তাঁর এই বার্তায় খানিক সান্ত্বনাও পেতে পারেন সেলেসাওরা। ফুটবলের এই কিংবদন্তি হাতড়ে বেড়িয়েছেন হারের ব্যাখ্যাও। টুইটারে লিখেছেন, ‘সব সময় বলে আসছি, ফুটবল চমকের খেলা। দুনিয়ার কেউই এই ফল আশা করেনি।’ সত্যিই তো বেলো হরিজন্তে ব্রাজিল ফুটবল জার্মান বুলডোজারে এমন পিষ্ট হবে, কে কল্পনা করেছিল? এএফপি।