পেলের লক্ষ্য '২০১৮'

কবিগুরু বহু আগেই বলেছিলেন, ‘সত্যরে লও সহজে।’ রবি ঠাকুরের এ পঙক্তি পেলের জানার কথা নয়। কিন্তু এর মর্মার্থ কিন্তু যেকোনো ভাষার মানুষের কাছেই এক। পেলেও চান সত্যকে বরণ করে নিতেই।
ব্রাজিলের ‘হেক্সা’ জয় এবার হয়নি তো কী হয়েছে, পরের বার হবে—পেলের মননে তাই আশায় ঘর-বসতি। ব্রাজিলীয় কিংবদন্তির মতে, যা হওয়ার হয়েছে, সব ভুলে যাও। সামনের দিকে তাকাও। লক্ষ্য হোক ২০১৮ সাল—রাশিয়ায় অনুষ্ঠেয় পরের বিশ্বকাপ।
জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর পেলে টুইট করেছেন, ‘রাশিয়ায় আমরা ষষ্ঠ শিরোপা জিতব। জার্মানিকে অভিনন্দন। সব সময়ই আমি বলে ফুটবল হচ্ছে বিরাট বিস্ময়। দুনিয়ার কেউ এ ফল আশা করেনি।’
১৯৫০ বিশ্বকাপের শৈশব-স্মৃতি সেই ‘মারাকানজো’ আজও হানা দেয় পেলের স্মৃতিতে। সেবার রিও ডে জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে গিয়েও উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার দুঃসহ বেদনা ভুলিয়ে দিতে পারত এবারের সাফল্য। কিন্তু হলো উল্টোটাই। উত্তরসূরিরা যেন দুঃখের বোঝাটাকে করে দিলেন কয়েক গুণ ভারী। ‘মারাকানজো’র সঙ্গে যোগ হলো ‘মিনেইরোজো’র দুঃখগাথা। এএফপি।