পেলের সত্তর
ডিয়েগো ম্যারাডোনা কথাটা টিটকারি করে বলেছিলেন—পেলের এখন জাদুঘরে যাওয়ার বয়স হয়েছে। কিন্তু দুনিয়াজোড়া সমর্থকের কাছে এটাই সত্যি, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের প্রতিটি কীর্তি, তার ছোঁয়া প্রতিটি জিনিস জাদুঘরে সংরক্ষণ করার মতো। এবার জাদুঘরে পরিণত হতে যাচ্ছে পেলের আদি বাড়িটিও।ত্রেস কোরাজোনেস শহরের যে বাড়িটিতে ৭০ বছর আগে জন্ম নিয়েছিলেন পেলে, সেই বাড়িটি নতুন করে তৈরি করা হচ্ছে। এই বাড়িই জাদুঘর হিসেবে উন্মুক্ত করা হবে ২৩ অক্টোবর, পেলের ৭০তম জন্মদিনে। একই দিন শহরের কেন্দ্রে তাঁর একটি মূর্তিও উন্মোচন করা হবে।২৩ বছর হয়ে গেল পেলে তাঁর এই শৈশবের শহরে আসেন না। এবার তিনি কথা দিয়েছেন, জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন। আর এই আসার ভেতর দিয়ে পূর্ণতা পাবে পেলের সত্তরতম জন্মদিন নিয়ে শহরটির নানা আয়োজন।যদিও পেলে বলেছেন, জাদুঘর উদ্বোধন ছাড়া আর কোনো অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না। তাই বলে থেমে নেই এই কিংবদন্তির সত্তর বছর উদ্যাপনের প্রক্রিয়া। এ উপলক্ষে মহাযজ্ঞ হাতে নিয়েছে সান্তোস ক্লাব। তারা রীতিমতো উৎসবের আয়োজন করেছে ক্লাব কিংবদন্তির জন্মদিন উদ্যাপনে।উৎসবের আয়োজন করেছে নিউইয়র্ক কসমসও। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটিতেও একসময় খেলেছেন ব্রাজিলিয়ান গ্রেট। পেলের জন্মদিনে ক্লাবটি টাইমস স্কয়ারের প্লানেট হলিউডে উন্মোচন করবে ‘২০১১ অফিসিয়াল ফ্যান বল’। অনুষ্ঠানে আগে পৌঁছানো ১০০ জন সমর্থক একটি করে বল বিনা মূল্যে পাবেন, পাবেন পেলের অটোগ্রাফ-সংবলিত ফুটবল-সরঞ্জাম। ওয়েবসাইট।