পেলের সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলের সঙ্গে রোনালদো  ফাইল ছবি
পেলের সঙ্গে রোনালদো ফাইল ছবি

সময়টা এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। সুতরাং তাঁর প্রশংসা না করে কি আর পারা যায়? ব্যতিক্রম নন ‘ফুটবলসম্রাট’ পেলেও। লিওনেল মেসি আর রোনালদোর দ্বৈরথে সেরা জনকে বেছে নিতে গিয়ে পেলের এই মুহূর্তের ভোটটা পড়ছে পর্তুগিজ উইঙ্গারের বাক্সে। যদিও একই সঙ্গে এটাও স্বীকার করেছেন—এই শ্রেষ্ঠত্বটা সাম্প্রতিক সময়ের বিচারে। কয়েক বছর আগেও রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন মেসি।
সময়ের সেরা ফুটবলার বেছে নিতে গিয়ে অবশ্য পেলে একেক সময়ে একেক মতামত দিয়ে এসেছেন। শুরুর দিকে মেসির প্রশংসা করতে কিছুটা কার্পণ্য ছিল তাঁর, তখন বলতেন, নেইমারই হবেন আগামী দিনের বিশ্বসেরা। পরে যদিও বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডে মুগ্ধতা স্বীকার করেছেন। তবে সম্প্রতি নিউইয়র্কে ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি সেরার ভোটটা দিলেন সদ্য ফিফা-ব্যালন ডি’অর জেতা রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে, ‘গত দু-তিন বছরে রোনালদো দারুণ খেলেছে এবং সেরা হয়ে উঠেছে। আমার মনে হয় সন্দেহাতীতভাবে এই মুহূর্তে সে সেরা ফুটবলার। তবে এর আগে মেসিই সেরা ছিল।’ শ্রেষ্ঠত্ব মেসি কীভাবে হারিয়েছেন তা-ও ব্যাখ্যা করেছেন পেলে, ‘দুই বছর আগে মেসি খুব ভালো অবস্থানে ছিল। পাঁচ বছরে ধীরে ধীরে সে ইউরোপের সেরা ফুটবলার হয়ে উঠেছে। কিন্তু গত দুই বছর এবং এই বছরে ওর কিছু সমস্যা হয়েছে। সে চোট পেয়েছে এবং কম ম্যাচ খেলেছে।’
আক্রমণভাগে নিজের সঙ্গী হিসেবে বেছে নিতে চাইলে কাকে বেছে নেবেন—এমন প্রশ্নেও পেলে বলেছেন, মেসির চেয়ে রোনালদোই হবে ভালো পছন্দ। কারণ? তাঁর নিজের খেলার ধরনও নাকি ছিল মেসির মতো। দুজনই একই রকম ফুটবলার হলে কি আর আক্রমণভাগে বৈচিত্র্য থাকে!
ইএসপিএনের সঙ্গে সাক্ষাৎকারে অবশ্য একটা মজার তথ্যও দিয়েছেন পেলে। অবসর নেওয়ার পর নাকি আমেরিকান ফুটবল লিগের (এনএফএল) দল নিউইয়র্ক জায়ান্টস তাঁকে প্রস্তাব দিয়েছিল ওদের ক্লাবের হয়ে আমেরিকান ফুটবলে ক্যারিয়ার শুরু করতে। ওদের ট্রায়ালেও বেশ ভালো করেছিলেন পেলে। তবে লম্বা ক্যারিয়ারের পর আবার খেলায় ফিরতে আগ্রহী ছিলেন না বলেই তখন ওই প্রস্তাবে সাড়া দেননি। এপি, ইএসপিএন।