পেলের সেরা সত্তরের ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো অনেকের কাছেই সুন্দর আক্রমণাত্মক ফুটবলের শেষ কথা ১৯৭০-এর ব্রাজিল। পেলে-টোস্টাও-জেয়ারজিনহোর ব্রাজিল সেবার শুধু বিশ্বকাপই জেতেনি, একের পর এক ম্যাচে ফুল ফুটিয়েছে নান্দনিক ফুটবলের। ৬ ম্যাচে গুনে গুনে ১৯ গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিল তৃতীয় বিশ্বকাপ শিরোপা। না, স্পেনের মতো টানা তিনটি বড় শিরোপা জেতার কৃতিত্ব সেই দলের নেই। তবে তার পরও এখনো অনেকের কাছে এই স্পেনের চেয়ে সত্তরের ব্রাজিলই সেরা। সত্তরের ব্রাজিল, নাকি এই স্পেন—সাম্প্রতিক আলোচনায় পেলের রায় স্পষ্ট। ব্রাজিল কিংবদন্তি বলছেন, ‘প্রত্যেক প্রজন্মেরই বিশেষ বৈশিষ্ট্য আছে। তবে আমরা যদি তুলনা করি, কোনো সন্দেহ নেই ১৯৭০-এর প্রজন্ম ছিল এর চেয়ে ভালো।’ পেলের যুক্তিও পরিষ্কার, ‘১৯৭০-এর সঙ্গে যতক্ষণ তুলনা করা হবে, তার মানে বুঝতে হবে, ১৯৭০-এর দলটা ভালো ছিল বলেই তার সঙ্গে তুলনা করা হয়। সত্তরের দলটা আসলে একটা মান দাঁড় করিয়ে দিয়েছে, যে মান দিয়েই বাকি দলগুলোকে বিবেচনা করা হয়।’এই দুই দলের খেলোয়াড়দের ধরে ধরে যদি তুলনা করা হয়, কারা বেশি নম্বর পাবেন? পেলের উত্তর, ‘এ ধরনের তুলনা সব সময়ই হবে। যদিও আপনি এদের একজনকে ধরে ধরে তুলনা করতে পারেন না। ব্যক্তি খেলোয়াড় হিসেবে সত্তরের দলটায় এই স্পেনের চেয়ে অনেক বেশি ভালো খেলোয়াড় ছিল। স্পেনের এই দলে দুই কি তিনজন অসাধারণ খেলোয়াড় আছে।’এই দুই দলের মধ্যে যদি ম্যাচ হতো, তাহলে জিতত কারা? বড় একটা হাসি দিয়ে পেলে জবাব দিয়েছেন, ‘যদি আমি খেলতাম, কোনো সন্দেহ নেই, আমরাই জিততাম।’ তার মানে কিন্তু এমন নয়, স্পেনের এই দলটার কৃতিত্ব খাটো করে দেখছেন পেলে। এই স্পেনের খেলা পেলে মুগ্ধ হয়েই দেখেন, ‘কোনো সন্দেহ নেই, গত কয়েক প্রজন্মের চেয়ে এই স্পেন দলটার খেলাই আমি দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি।’ স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসেও মুগ্ধ পেলে। তাঁর মতে, গত মৌসুমে ক্লাবের হয়ে যতই দুর্দান্ত খেলুন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো; এবারের ব্যালন ডি’অর ক্যাসিয়াসেরই প্রাপ্য। লিগ জেতার পর ক্যাসিয়াসের হাতে ইউরোর ট্রফিটাও উঠেছে। এমনিতে মেসি-সমর্থকদের ধারণা, পেলে ঠিক মেসিকে পছন্দ করেন না। কিছুদিন আগে মেসির সঙ্গে তুলনা করে নেইমারকে সেরাও বলেছিলেন। তবে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পেলে বলেছেন, ‘এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় মেসিই। নেইমারের মধ্যে নতুন মেসি বা নতুন ম্যারাডোনা হওয়ার সব গুণই আছে। তবে ভেবে দেখুন, মেসির যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যখন নেইমারেরও হবে, কে বেশি ভালো খেলোয়াড় হবে—মেসি, নাকি নেইমার?’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।