পেলের স্বপ্নে সেরা বিশ্বকাপ
২০১৪ বিশ্বকাপ সফল আয়োজনের ব্যাপারে কোনো রকম সংশয় নেই পেলের। ব্রাজিল কিংবদন্তির বিশ্বাস, এটা হবে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ।দক্ষিণ আমেরিকান দেশটির প্রস্তুতি নিয়ে নানা গুঞ্জন। খোদ ব্রাজিলিয়ানরাই বিশ্বাস করতে পারছে না, আয়োজনটা চমৎকার হবে। যোগাযোগব্যবস্থা এবং অর্ধনির্মিত স্টেডিয়ামই এই সংশয়ের বীজ বুনে দিয়েছে। শঙ্কার মেঘটা গাঢ় হচ্ছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু সাও পাওলোকে কেন্দ্র করে। সাও পাওলোর বেহাল দশার কথা স্বীকার করছেন পেলেও। তবে এই বিশ্বাসও প্রবল, আগামী তিন বছরে ব্রাজিল ঠিকই সব চ্যালেঞ্জ উতরে যাবে।‘এটা ঠিক, সেখানে আমাদের কিছু সমস্যা আছে এবং প্রত্যেকেই সেটা জানে। আমি এ নিয়ে খুব অল্পই চিন্তিত। কারণ, সামনের বছরগুলোতে আমরা অলিম্পিক এবং বিশ্বকাপের জন্যই কাজ করব’—বলেছেন পেলে। সঙ্গে যোগ করেছেন, ‘আমি ব্রাজিলের রাষ্ট্রপতি মিসেস দিলমার (রুসেফ) সঙ্গে গত সপ্তাহে কথা বলেছি। যেকোনো সমস্যা এড়াতে তিনি কঠোর কাজ করবেন। আমার কোনো সংশয় নেই, এটা হবে সেরা বিশ্বকাপ।’ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিএফসি) সভাপতি রিকার্ডো টিসেইরার সঙ্গে পেলের শত্রুতা দীর্ঘদিনের। এটা আরও প্রকট হয় গত শনিবার রিও ডি জেনিরোর বিশ্বকাপ বাছাইপর্বের অনুষ্ঠানে সিএফসি পেলেকে আমন্ত্রণ না জানানোয়। এ নিয়ে নানা কথা হলেও ৭০ বছর বয়সী পেলে বলছেন, ‘রিকার্ডো টিসেইরার সঙ্গে আমার কোনো যুদ্ধ নেই। এটা সত্য নয়। আমি তাঁকে শ্রদ্ধাই করি। ওটা আসলে কোনো বিষয় নয়। আমরা চমৎকার একটি বিশ্বকাপ করতে চাই এবং সেই চেষ্টাই করে যাচ্ছি।’ তবে এটা বললেও টিসেইরাকে একটু খোঁচাও দিয়েছেন পেলে, ‘গণমাধ্যমের সঙ্গে তাঁর সমস্যা আছে, মিডিয়া তাঁকে পছন্দ করে না। তবে আশা করি, এটা ফুটবলে প্রভাব ফেলতে পারবে না।’ ওয়েবসাইট।লন্ডনে সাবেক ক্লাব নিউইয়র্ক কসমসের এক মধ্যাহ্নভোজে যোগ দিয়ে পেলেকে কথা বলতে হয়েছে নেইমার প্রসঙ্গেও। নেইমারকে ব্রাজিলে ধরে রাখা কঠিন হবে জানিয়ে বলেছেন, ‘সে দুর্দান্ত এক খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। কোনো সংশয়ই নেই, সে একজন কাকা, একজন মেসি হবে। কিংবা একজন রোনালদো, একজন জিকো, একজন পেলে হবে।’