পেলের ‘নেইমার’ বোমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরও হয়নি নেইমারকে বিশ্বসেরা বলেছেন। নেইমার বন্দনায় পেলের কণ্ঠটাই উচ্চকিত ছিল সবচেয়ে বেশি। কিন্তু দৃশ্যপট কী দ্রুতই না পাল্টে গেল। ফুটবল সম্রাট সেই নেইমারকেই একেবারে ধুয়ে দিলেন।শুরুটা করেছিলেন পেলেই। ব্রাজিলের জার্সি গায়ে গত কয়েকটি ম্যাচেই বিবর্ণ নেইমার। এই মাসেই ইংল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। ইংলিশদের শরীরনির্ভর কৌশলের সামনে তো একরকম অসহায়ই মনে হয়েছিল সান্তোস স্ট্রাইকারকে। নেইমার ইউরোপিয়ান ফুটবলে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন, সেটা নিয়েও উঠে গেছে কথা। এত দিন সবাই যেটা আভাসে-ইঙ্গিতে বলেছেন, এবার পেলে সেটা সরাসরিই বলে দিলেন, ‘যখনই সেলেসাওদের (ব্রাজিল) হয়ে সে খেলে, তখনই আমার তাকে একজন সাধারণ মানের খেলোয়াড় মনে হয়। দেশের বাইরে সব কটি ম্যাচেই সে বাজে খেলেছে। সবাই বলছে, সে-ই আমাদের সব সমস্যার সমাধান, কিন্তু নেইমার তার কাঁধে ভার বইতে এখনো তৈরি নয়। ইউরোপিয়ান ফুটবল লাতিন আমেরিকার ফুটবলের চেয়ে আলাদা।’ নেইমারের খেলার ধরন নিয়েও অসন্তুষ্ট ব্রাজিল কিংবদন্তি, ‘সে তো ফ্রি-কিক নিয়েই ব্যস্ত থাকে। ইংল্যান্ড, জার্মানি, ইতালিতে খেলা আরও কঠিন। রেফারিরা ফ্রি-কিক না দিয়ে খেলা চালিয়ে যায়।’ কী করা উচিত, সেই পথটাও দেখিয়ে দিয়েছেন, ‘সব ফ্রি-কিক, পেনাল্টি, কর্নার সে-ই নেয়। যতবার সে ফ্রিকিক নেয়, তার মানে এক মিনিটের জন্য খেলার বাইরে চলে যায়। তার ঠিক পেনাল্টি সীমানার বাইরে থেকে বল নিয়ে নিজের স্কিল ও ড্রিবল কাজে লাগানো উচিত।’শুধু এটুকু বলেই ক্ষান্ত দেননি পেলে, নেইমারের সমালোচনায় তিনি যেন খাপখোলা তলোয়ার, ‘সান্তোসের আমরা সবাই বলছি, সে বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু সে খেলার চাইতে প্রচারমাধ্যমে নিজেকে কেমন দেখায়, সেটি নিয়েই ব্যস্ত। হেয়ারকাট ও স্টাইলের দিকেই তার খেয়াল বেশি।’নেইমার পেলের বিরুদ্ধে মুখ খোলার ঔদ্ধত্য দেখাননি। কিন্তু তাঁর এজেন্ট ওয়াগনার রিবেরিও গ্লোবো স্পোর্তেকে জবাব দিয়েছেন তীব্র ব্যঙ্গাত্মক ভাষায়, ‘পেলের এখন নেইমারকে নিয়ে মাথা না ঘামিয়ে নাতিপুতিদের দেখাশোনা করা উচিত। এটা স্রেফ ঈর্ষাকাতরতা। এখন খেললে পেলে নেইমারের চেয়েও বাজে হতেন। তাঁর সময়ে ডিফেন্ডাররা আরও শ্লথ ছিল। ফিটনেসও এই পর্যায়ের ছিল না।’ এএফপি, রয়টার্স।