পেলের ‘১০ নম্বরের’ রহস্য
ফুটবলে ‘১০ নম্বর’ জার্সিটার আলাদা মর্যাদা। আর ১০ নম্বর জার্সিটাকে যাঁরা ‘বিশেষ মর্যাদাবান’ করেছেন, পেলে তাঁদের পথিকৃৎ। কিন্তু পেলে বলছেন, তিনি ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা পেয়েছিলেন স্রেফ ঘটনাক্রমে! এত দিন পর অজানা গল্পটা বলেছেন পেলে নিজেই। বলছেন, ৫৪ বছর আগে ১৯৫৮ বিশ্বকাপের আগে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা আকস্মিকভাবেই তাঁর গায়ে উঠেছিল।১০ নম্বর জার্সিটা গায়ে চাপিয়ে পেলে ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে খেলতে যান মাত্র ১৭ বছর বয়সে। যদিও বিশেষ এই জার্সিটা সাধারণত দলের প্লেমেকারদেরই দেওয়া হতো। ৭১ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি জানিয়েছেন, কীভাবে তিনি বিখ্যাত ওই জার্সিটার অধিকারী হলেন, ‘১৯৫৮ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিটা আমাকে দেওয়া হয়। আসলে ১০ নম্বর জার্সি পরার মতো গুরুত্বপূর্ণ কেউই ছিলেন না। এমনকি আমিও দলের সিনিয়র খেলোয়াড় ছিলাম না। আকস্মিকভাবেই বিশ্বকাপে জার্সিটা আমাকে পরতে হয়।’শুধু ১০ নম্বর জার্সি পাওয়ার গোপন ঘটনা নয়, স্পোরটিভি নিউজকে ফুটবলসম্রাট বলেছেন, ক্যারিয়ারজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে মাঝেমধ্যেই ভাবেন। ‘এটা জানলে আশ্চর্য হবেন, ঘুমাতে যাওয়ার আগে আমি যখন প্রার্থনা করি, কিছু বিষয় ঈশ্বরের কাছে জানতে চাই, পেলের ক্ষেত্রেই কেন এত বেশি বিস্ময়কর ঘটনা ঘটল, আমি ব্যাখ্যা করতে পারব না’—বলেছেন পেলে। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে পেলে গোল করেন ৭৭টি! ওয়েবসাইট।