পেশাদার লিগ বয়কটের হুমকি!
দলবদল পেছানোসহ ১২ দফা দাবি আগেই বাফুফের কাছে পেশ করেছে ৭ ক্লাব। এ ব্যাপারে সাড়া না পেয়ে আসন্ন ফুটবল মৌসুম বয়কটের চিন্তাভাবনা করছে ওই ক্লাবগুলো—ব্রাদার্স, ফরাশঞ্জ, রহমতগঞ্জ, আরামবাগ, চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান ও ফেনী সকার। পরশু এই ক্লাবগুলোর প্রতিনিধিরা সভায় বসে ঠিক করেছে, বর্তমান বাংলাদেশ লিগ কমিটি পুনর্গঠন না করলে তারা পেশদার লিগ খেলবে না! এ সিদ্ধান্ত বাফুফেকে জানানো হবে দু-এক দিনের মধ্যে।ক্লাবগুলোর অন্যতম নেতা ব্রাদার্সের আমের খানের কাছ থেকে জানা গেল এ তথ্য। তাঁর কথা, ‘বর্তমান পেশাদার লিগ কমিটির শীর্ষস্থানীয় দুই কর্তা আবাহনী-মোহামেডানের। তাঁরা তাঁদের ক্লাবের স্বার্থ দেখছেন। ছোট দলগুলোর স্বার্থ উপেক্ষিত হচ্ছে। কাজেই এই কমিটির অধীনে খেলব না বলে ৭ ক্লাব সিদ্ধান্ত নিয়েছে।’এ সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্নে ব্রাদার্সের ম্যানেজার টেনে আনলেন আরও অনেক বিষয়, ‘দলবদল করে দুই মাস বসে থাকা, পাঁচ মাসের লিগ ১০ মাসে শেষ করা, কোথায় খেলা হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু না বলা, পেশাদার লিগের দ্বিতীয় স্তর না থাকা মেনে নেওয়া যায় না। ব্যর্থ এই কমিটি ভেঙে ছোট দলগুলোরও প্রতিনিধি রাখতে হবে। এ ছাড়া আমরা খেলব না।’