পেশাদার লিগে অনেক নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অনেক দিন ধরেই ফুটবলার-সংকট চলছে। তার প্রভাব পড়েছে পেশাদার লিগে। দলগুলো পছন্দের খেলোয়াড় খুব একটা পায় না। তবে এর একটা ইতিবাচক দিকও আছে। দলগুলো অখ্যাত নবীন ফুটবলারদের সরাসরি খুঁজে নিয়ে আসছে পেশাদার লিগে। এবার মধ্যবর্তী দলবদলে কয়েকটি দল এমন খেলোয়াড়ও নিয়েছে, যাঁদের কেউ কেউ এর আগে কোথাও খেলেননি। বেশির ভাগই খেলেছেন দ্বিতীয় বিভাগে। আছেন তৃতীয় বিভাগের খেলোয়াড়ও।আরামবাগ ক্রীড়া সংঘ মধ্যবর্তী দলবদলে ১১ জন নতুন খেলোয়াড় নিয়েছে, যার মধ্যে পাঁচজনই দ্বিতীয় বিভাগের দল ও প্রথম বিভাগে ওঠা স্বাধীনতা ক্রীড়া সংঘের খেলোয়াড়। তাঁরা হলেন: মোহাম্মদ কাওসার, থুই চিং মারমা, মোহাম্মদ সেলিম, মোবারক হোসেন, অমর বড়ুয়া। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দল ভিক্টোরিয়া থেকে নিয়েছে কেষ্ট কুমার, সুজয় মল্লিক ও রাফি রহমানকে। তৃতীয় বিভাগ থেকে এসেছেন খালেদ। শেখ জামাল দ্বিতীয় বিভাগের দল বাসাবো থেকে নিয়েছে জুনিয়র গোলরক্ষক রাজু আহমেদকে। শেখ রাসেল মোহাম্মদ সুমন নামের বিকেএসপির সাবেক এক ছাত্রকে নিয়েছে, যাঁকে এর আগে কোথাও খেলতে দেখা যায়নি। বিজেএমসি নিয়েছে দ্বিতীয় স্তরের দল ওয়ারির জিকু, শাহীন এবং ভিক্টোরিয়ার স্ট্রাইকার তকলিছকে। ব্রাদার্স ছয়জন স্থানীয় খেলোয়াড় নিয়েছে। এঁদের একজন ওয়ারীর কামরুজ্জামান। বাকিরা ব্রাদার্সের সঙ্গেই ছিলেন এত দিন। এবার তাঁদের নিবন্ধন করানো হয়েছে। এবং এই খেলোয়াড়েরাও দেশের সর্বোচ্চ ফুটবল লিগে নতুন মুখ।নতুন এই খেলোয়াড়দের অপেক্ষায় থাকতে হবে সুযোগ পাওয়া জন্য। একাদশে সুযোগ পাওয়া তাঁদের জন্য কঠিনই। তবে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে এই ‘পাইপলাইন’ ভালোই কাজে আসবে বলে মনে করছে দলগুলো। বিদেশি খেলোয়াড়ের আগ্রাসন স্থানীয় খেলোয়াড়দের উঠে আসার পথে বড় বাধা। এখন প্রতি দলে বিদেশি নিতে পারছে সাতজন। ম্যাচ খেলতে পারছেন চারজন। গত বেশ কয়েক বছর ধরেই বিদেশির জোয়ার সাইডলাইনে পাঠিয়ে দিয়েছে নবীন খেলোয়াড়দের। মধ্যবর্তী দলবদলে ১১টি দল ৫৪ জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। এর মধ্যে ২৬ জন বিদেশি। সবচেয়ে বেশি সাতজন বিদেশি নিয়েছে মোহামেডান। পাঁচজন নিয়েছে শেখ জামাল। ব্রাদার্স চারজন, আবাহনী ও শেখ রাসেল তিন, ফেনী সকার দুই, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ একজন করে বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে। আরামবাগের ১১ জনই স্থানীয় খেলোয়াড়।