বোলিং মেশিনে বল ছোড়া হচ্ছে, শুধু শর্ট পিচ। নেট বোলাররাও একের পর এক শর্টপিচ বল করে গেলেন। আর সমানে পুল-হুক খেলে যাচ্ছিলেন কোহলি-গম্ভীর-রোহিতরা। চিত্রটা প্রেমাদাসায় অনুশীলনের। ভারতীয় দল যখন নেটে, তখন মাঠের এক পাশের উইকেটে দুদলে ভাগ হয়ে ম্যাচ খেলছিল অস্ট্রেলিয়ানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর সুপার এইটের প্রথম ম্যাচের মধ্যে ছয় দিনের বিরতি। ম্যাচের আবহ আনতেই তাই আট ওভারের ম্যাচ। দুই ইনিংসের ১৬ ওভারের বেশির ভাগই করলেন হগ-ম্যাক্সওয়েল-ডোহার্টি-ডেভিড হাসিরা!অনুশীলনের টুকরো টুকরো ছবিগুলোই বলল দুই দলের রণপ্রস্তুতি। অস্ট্রেলিয়ানদের ভাবনায় ভারতীয় স্পিন আর ভারতীয় লোকজন ভাবছে অস্ট্রেলিয়ান পেস নিয়ে। লড়াইটা তাহলে পেস বনাম স্পিন!গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করলে এটাই হওয়ার কথা। প্রেমাদাসার মন্থর উইকেটেও ঠিকই উজ্জ্বল অসি পেসাররা। প্যাট কামিন্স একটু নিষপ্রভ থাকলেও দুই ম্যাচেই উজ্জ্বল মিচেল স্টার্ক ও শেন ওয়াটসন। ভারতের প্রথম দুই ম্যাচে খারাপ করেননি পাঠান-বালাজিরা। তবে মূল হন্তারকের ভূমিকায় স্পিনাররাই। আফগানিস্তানের বিপক্ষে যুবরাজ সিং ও রবিচন্দ্রন অশ্বিন ছিলেন দুর্বার, ইংলিশ ব্যাটসম্যানদের নবিশের পর্যায়ে নামিয়ে এনেছিলেন হরভজন সিং ও পীযূষ চাওলা। ‘পেস বনাম স্পিন’—এমন তকমায় অবশ্য এই ম্যাচকে রাঙানোর দরকার নেই। ২০০১ সালের সেই কলকাতা টেস্টের পর থেকেই এই দুই দলের ম্যাচ মানে বাড়তি কিছু। ম্যাচের দৈর্ঘ্য যা-ই হোক, স্মরণীয় সব লড়াই উপহার দিয়েছে এই দুই দল। বর্ণবাদ, ক্রিকেটীয় কূটনীতির লড়াই, কথার লড়াই—মাঠের বাইরের উত্তাপের সঙ্গে মাঠের ক্রিকেট যোগ হয়ে জন্ম হয়েছে সব আগুনে লড়াইয়ের। এই টুর্নামেন্টে দুই দল বর্তমান ফর্মও আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের হাতছানি দিচ্ছে।ইংল্যান্ড ম্যাচের পর থেকে মহেন্দ্র সিং ধোনি আছেন মধুর সমস্যায়, কাকে রেখে কাকে খেলাবেন! পাঁচ বোলারের পরীক্ষা এতটাই সফল যে, ভারত অধিনায়ক সম্ভবত পছন্দের ফরমেশন ছেড়ে আবারও পাঁচ বোলার নিয়েই নামবেন। সে ক্ষেত্রে প্রশ্ন, ৩ পেসার-২ স্পিনার নাকি ২ পেসার-৩ স্পিনার? প্রেমাদাসার উইকেটে যেভাবে স্পিন ধরছে আর স্পিনে অস্ট্রেলিয়ানদের দুর্বলতার ইতিহাস মিলিয়ে তিন স্পিনার নিয়ে নামার সম্ভাবনাই বেশি। পাঁচ বোলার খেলালে শেবাগ অথবা যুবরাজের একজনকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তও নিতে হবে ধোনিকে। বাইরে থাকার সম্ভাবনা যুবরাজেরই বেশি। ভারতের জন্য সবচেয়ে সুসংবাদ, অস্ট্রেলিয়া ম্যাচের ঠিক আগে হরভজনের দোর্দণ্ড প্রতাপে ফেরা। নিজের সেরাটা সব সময় অস্ট্রেলিয়ার জন্যই যে জমিয়ে রাখেন ভাজ্জি!পুরোনো ‘শত্রু’কে নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়াও। মাইক হাসি সরাসরিই বলেছেন, ভাজ্জি একটা চিন্তা। হাসি চিন্তিত শেবাগের অফ ফর্ম নিয়েও। ফর্মে ফিরতে অস্ট্রেলিয়াকেই না বেছে নেন বীরু! তবে আত্মবিশ্বাসের কমতি হাসিদের নেই। প্রথম দুই ম্যাচে পরিপূর্ণ এক দল মনে হয়েছে অস্ট্রেলিয়াকে, মনে হয়েছে ক্ষুধার্ত। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে দুই ম্যাচেই সেরা শেন ওয়াটসন আজও হবেন সবচেয়ে বড় হাতিয়ার। একটি ম্যাচেও মিডল অর্ডার ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি, ঘাটতি বলতে একমাত্র ওটাই! তবে গ্রুপ পর্ব তো ছিল মহড়া, শক্তি-সামর্থ্যের আসল পরীক্ষা আজ থেকেই। আর সবচেয়ে কঠিন পরীক্ষা সম্ভবত শুরুতেই! ওয়েবসাইট।