ভারত মহাসাগরের কোল ঘেঁষে দাঁড়ানো গল ফোর্ট। ১৫৮৮ সালে পর্তুগিজদের হাতে গড়া এই দুর্গ স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন। ২০০৪ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। দুর্গের কোল ঘেঁষেই আবার গল আন্তর্জাতিক স্টেডিয়াম, যেটি লঙ্কান ক্রিকেটেরও একরকম দুর্গ।
গলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন। কিন্তু ১০ বছর আগের সেই সুনামি যেন ফিরে এল ডেল স্টেইন ও মরনে মরকেলের হাত ধরে। প্রোটিয়া পেস জুটির তোপে উড়ে গেল লঙ্কান দুর্গ। ১৫৩ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।টেস্ট অধিনায়ক হাশিম আমলার পথচলার শুরুটাও হলো অসাধারণ এক জয়ে।
এই জয় নতুন টেস্ট অধিনায়ককে দক্ষিণ আফ্রিকার পেস জুটির উপহারই।গলের উইকেট বরাবরই পেসারদের বধ্যভূমি। তবে ‘ভালো’ আর ‘খুব ভালো’র সঙ্গে গ্রেটদের পার্থক্য তো এখানেই, গ্রেটরা সোনা ফলান বধ্যভূমিতেও।প্রথম ইনিংসে আগুন ঝরিয়ে ৫ উইকেট নিয়েছিলেন স্টেইন। পরশু বিকেলে দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু, কাল শেষ দিনেও যথারীতি জবাব নেই তাঁর।
আর মরকেল যেদিন শুরু থেকেই ছন্দ পান, সেদিন তাঁকে সামলানোর চেয়ে কঠিন কিছু আর নেই। শেষ দিনের মন্থর স্পিন মঞ্চে লঙ্কানদের ধ্বংস করল এই পেস জুটিই। গলের শেষ দিন যেখানে স্পিন স্বর্গ, সেখানেই শেষ দিনে স্টেইন-মরকেল জুটি নিয়েছে ৭ উইকেট। ম্যাচে দুজনে মিলে ১৬টি! ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা স্টেইন, গলে এই প্রথম ম্যাচে ৭ উইকেটের বেশি পেলেন কোনো পেসার। পেস জুটির আস্থা হয়ে উইকেটের পেছনে ছিলেন কুইন্টন ডি কক, কিপিং অভিষেকেই ৯টি ডিসমিসাল!
এমনিতে রোমাঞ্চকর এক শেষ দিনের প্রেক্ষাপট সাজিয়ে রেখেছিল গল।শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৬০ রান, দক্ষিণ আফ্রিকার ৯ উইকেট। রোমাঞ্চ-টোমাঞ্চ সব উবে যায় খেলা শুরুর ঘণ্টা খানেকের মধ্যে।দিনের চতুর্থ ওভারেই স্টেইন ফেরালেন কৌশল সিলভাকে। এই মাঠে যাঁর রানস্রোত হার মানায় ভারত মহাসাগরের স্রোতকে, সেই মাহেলা জয়াবর্ধনের বিদায় মরনে মরকেলের অসাধারণ এক আউটসুইঙ্গারে। দক্ষিণ আফ্রিকা আর জয়ের মাঝে দাঁড়িয়ে তখন কুমার সাঙ্গাকারা।
৫৮ রান নিয়ে দিন শুরু করা সাঙ্গাকারা ৬৫ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান উইকেটের পেছনে। আউট হলেন এর চেয়েও বিস্ময়করভাবে। পার্টটাইমার জেপি ডুমিনির ক্যারিয়ারের সবচেয়ে বাজে বল হবে সেটি, শর্ট বলটিকে চাইলে মাঠের যেকোনো প্রান্তে পাঠাতে পারতেন সাঙ্গাকারা। কিন্তু পুল করে তুলে দিলেন শর্ট মিড উইকেটে আমলার হাতে। হতভম্ব সাঙ্গাকারা বিশ্বাসই করতে পারছিলেন না নিজেকে। উইকেটে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। মুখের চুইংগামটার ওপর রাগ ঝেড়ে ছুড়ে দিলেন প্রবল আক্রোশে।
ম্যাচ আদতে শেষ ওখানেই। এরপর শুধু শেষের অপেক্ষা। থিরিমান্নে-চান্ডিমালের দুঃসময় দীর্ঘায়িত হলো আরও, দিলরুয়ান পেরেরাকে ‘পেয়ার’ উপহার দিলেন স্টেইন।এক পাশে দাঁড়িয়ে ম্যাথুস দেখলেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। টেন ক্রিকেট, ক্রিকইনফো।