পেস দিয়েই শোধ নেবে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস হতে চলল। ক্ষতটা এখনো শুকায়নি নিউজিল্যান্ডের। ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হার এখনো পোড়াচ্ছে কিউই কোচ মাইক হেসনকে। সেই যন্ত্রণা থেকেই কিনা নিজের দেশে ভারত বধের আগাম ছক কাটা শুরু করেছেন হেসন। ঘাসে ঢাকা বাউন্সি পিচ নিয়েই ফেব্রুয়ারিতে ভারতের জন্য অপেক্ষা করবে নিউজিল্যান্ড।
শুধু ধবলধোলাই হয়েছিলেন বলেই নয়, ভারত যেভাবে হারিয়েছিল নিউজিল্যান্ডকে, সেটিও হেসনের আক্ষেপের কারণ, ‘আমরা আগেও ভারত সফর করেছি। একটা ম্যাচের আগের দিনও ওরা পিচ বদলে ফেলেছিল। কারণ, সেটি ওদের পছন্দমতো শুকনো ছিল না। আমরা পিচ থেকে কোনো সুবিধাই পাইনি।’ ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে নিউজিল্যান্ডকে নাকাল করেছিল ভারত। দুই টেস্টের সিরিজে প্রজ্ঞান ওঝা আর রবীচন্দ্রন অশ্বীন মিলে নিয়েছিলেন ৩১ উইকেট। প্রতিপক্ষ নিজের দেশে যেভাবে উইকেটের সুবিধা নিয়েছিল, এবার সেটিই করার ইচ্ছা নিউজিল্যান্ড কোচের, ‘আমরা এবার আমাদের পেসারদের সুবিধা দিতে চাই। আমি জানি ওদের দলেও বেশ কয়েকজন পেসার আছে, যারা আমাদের পাল্টা চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমরা আমাদের পেসারদের কথাই ভাবব, যাতে ওরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে।’
দুই টেস্ট, পাচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে নিউজিল্যান্ড যাবে ভারত। ৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে শুরু প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ১৪ ফেব্রুয়ারি থেকে। ওয়েবসাইট।