পেস বোলারদেরও সিরিজ
মুশফিকুর রহিমকে কাছে পেয়ে ঘিরে ধরল একদল কিশোরী, ‘ভাইয়া, একটা ছবি তুলতে হবে।’ মুশফিক সহাস্যে অনুরোধ রাখলেন। পাশ দিয়ে যাওয়া রুবেল হোসেনও আটকে গেলেন একই অনুরোধের জালে। ‘ভাইয়া...আপনি আজ অনেক ভালো খেলেছেন’—ছবি তোলার পোজ দিতে দিতে প্রশংসাবৃষ্টিতে ভিজছিলেন রুবেল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ঘটনাগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে। পরদিন সকালে হোটেল সোনারগাঁওয়ের লবিতে ওগুলো মনে করিয়ে দিতেই রুবেলের লাজুক হাসি, ‘মানুষের এই আগ্রহ ভালো লাগে আমার। যখন আপনি ভালো খেলবেন, দল জেতাবেন, তখন সবাই আপনাকে পছন্দ করবে...এটাই নিয়ম।’
নিয়ম, তবে এই নিয়মের মধ্যে বাংলাদেশ দলের পেসাররা একটু কমই পড়েন। মাত্র ৫ ওভার ৫ বল করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট—রুবেল অসামান্য বোলিং করেছিলেন। কিন্তু ম্যাচ জেতানোর নায়ক না হলে কি পারতেন সেদিন শেরেবাংলা স্টেডিয়ামের সবটুকু আলো কেড়ে নিতে?
অবিশ্বাস্য শোনালেও সত্যি, দেশের উইকেটে বাংলাদেশ দলকে এখন পেসাররাও ম্যাচ জেতান! প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের নেওয়া নিউজিল্যান্ডের ১৯ উইকেটের ৯টিই পেসারদের। রুবেল প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। ১০ মাস পর দলে ফেরা আরেক পেসার মাশরাফি বিন মর্তুজাও প্রথম ওয়ানডেতে আগমনধ্বনি শুনিয়ে দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ৩ উইকেট। যে উইকেটে পেস বোলিং একটা অনুষঙ্গ মাত্র, আসল কাজ করেন স্পিনাররাই, সেখানে রুবেল-মাশরাফিদের সাফল্য আশার গান শোনায়।
এমন নয় যে, হাত গুটিয়ে বসে আছেন স্পিনাররা। দুই ম্যাচে তাঁদেরও ৯ উইকেট। বাংলাদেশের উইকেটে স্পিনাররা বেশি উইকেট পাবেন, সে তো নতুন নয়! তবে পেসাররাও এখন স্পিনারদের পাতে ভাগ বসাতে পারছেন।
প্রধান নির্বাচক থেকে বোর্ড পরিচালকের দৃষ্টিতে পেসারদের এই সাফল্য পরিশ্রমের ফসল। টিম ম্যানেজার আকরাম খান সঙ্গে যোগ করলেন, ‘আমার মনে হয়, খেলোয়াড়েরা এখন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বটা বুঝতে পারছে। সব জায়গা থেকেই যে কিছু না কিছু করা যায়, সেটা প্রমাণ করতে শুরু করেছে ছেলেরা।’ এখন প্রধান কোচ হলেও শেন জার্গেনসেন শুরুতে ছিলেন দলের বোলিং কোচ। সে সুবাদে মাশরাফির খেলা যতটা না দেখেছেন, মাঠের বাইরেই তাঁর সঙ্গে কাজ করেছেন বেশি। মাঠের দুর্দমনীয় মাশরাফিকে দেখে কোচের ধারণা, ‘মাশরাফির অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশ দল এবং ভবিষ্যৎ পেস বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আলাদা করে বলেছেন রুবেলের কথাও, ‘খুবই আক্রমণাত্মক বোলার, বলে গতি ভালো। সবচেয়ে বড় কথা, বোলিংয়ে ভালো বৈচিত্র্য আনতে পারে সে।’
পেসার হয়েও মিরপুরের উইকেটে সোনা ফলানোর রহস্য জানতে চাওয়া হয়েছিল রুবেলের কাছে। রুবেল বললেন, রহস্যের কিছু নেই, ‘রহস্য-টহস্য কিছু না। ভালো জায়গায় বল ফেলেছি। ভেরিয়েশনগুলো ঠিকভাবে দিতে পেরেছি। আমার লক্ষ্যই ছিল ব্যাটসম্যানকে আক্রমণ করে বল করা।’ সঙ্গে লাইন-লেংথ মেনে বল করার মৌলিক কাজ তো করেছেনই। তবে তাঁর কাছে সবচেয়ে বড় যেটি, তা আত্মবিশ্বাস, ‘আত্মবিশ্বাসই মূল। ওটা ভালো থাকলে আপনি যেকোনো উইকেটেই ভালো বল করতে পারবেন।’
বাংলাদেশের পেস বোলাররা বরাবরই জেনে আসছেন দেশের উইকেট তাঁদের নয়। যুগে যুগে এই উইকেট কথা শুনেছে মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান বা সোহাগ গাজীদের। সেখানে শুধু আত্মবিশ্বাস দিয়ে উইকেটের বন্ধুতা আদায় করার অনুভূতি রুবেলদের জন্য আনকোরা, ‘এই উইকেটেও ভালো বল করছি বা ম্যাচ জেতাতে পারছি...এটা ভাবলেই আনন্দ হয়। সব বোলারই চায় দলের জন্য কিছু করতে। আমার জন্য এটা বিরাট ব্যাপার।’
পেসারদের এবারের সাফল্য মাঠের বাইরে থাকা পেসারদেরও আত্মবিশ্বাস জোগাবে বলে ধারণা মাশরাফির, ‘সবাই পেসারদের কাছে স্পিনারদের কাজ সহজ করে দেওয়ার কাজটাই শুধু চায়। এক-দুইটা উইকেট নিলে বা একটু রানের চাপ তৈরি করে দিতে পারলেই হলো। এমন পরিস্থিতিতে পেসাররা যখন ম্যাচ জিতিয়ে দেয় বা ম্যাচ ঘুরিয়ে দেয়, তখন অন্য পেসারদের ভেতরও আত্মবিশ্বাস জন্মায়। তারা ভাবে, আমরা পারব এই কন্ডিশনে ম্যাচ জেতাতে।’
ভালো পেসার উঠে আসার জন্য আরও অনেক কিছুর সঙ্গে পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও দরকার। বল হাতে যে প্রতিদ্বন্দ্বিতা আছে সাকিবের সঙ্গে রাজ্জাকের বা ব্যাট হাতে এনামুলের সঙ্গে শামসুরের। মাশরাফির বিশ্বাস, এই প্রতিদ্বন্দ্বিতা এবার তৈরি হবে পেস বোলিংয়েও এবং সেটার বাইরে তিনি রুবেলকেও রাখতে রাজি নন, ‘বাইরে থাকা আল-আমিনও কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো করে এসেছে। জিয়া আছে, ও অলরাউন্ডার। আমি আছি। এখন প্রতিযোগিতা সব জায়গাতেই। প্রতিযোগিতা করেই সবাইকে খেলতে হবে।’
সাফল্যের ধারাবাহিকতা পেসাররা ধরে রাখবেন, সেটাই প্রত্যাশা এখন। মরীচিকার মতো এক সিরিজ পরই যেন তা হারিয়ে না যায়!