পেস-স্বর্গে স্পিনারদের রাজত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিবীয় উইকেটের চরিত্র পাল্টেছে অনেক আগেই। ব্রিজটাউনের কেনসিংটন ওভালের উইকেটটাই ছিল একটু ব্যতিক্রম। অতীত ঐতিহ্য ধরে রেখে এখনো কেনসিংটন ওভাল পেস বোলিংয়ের স্বর্গরাজ্য হিসেবেই পরিচিত। কিন্তু পরশু পেসারদের সেই স্বর্গরাজ্যেও উইকেট-উৎসব করলেন স্পিনাররা। জিম্বাবুয়ের ১০ উইকেটের সাতটিই তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার। আর তাতে জিম্বাবুয়ের প্রথম ইনিংসও গুটিয়ে গেছে ২১১ রানে।দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার শেন শিলিংফোর্ড নিয়েছেন ৩ উইকেট। অলরাউন্ডার মারলন স্যামুয়েলস ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংও। গত ৬০ বছরে কেনসিংটন ওভালে টেস্টের এক ইনিংসে স্পিনারদের ৭ উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম!স্পিনাররা উইকেট পেলেও কেনসিংটন ওভাল পেসারদের প্রতিও যে বিমুখ নয় কেমার রোচ সেটি ঠিকই প্রমাণ করেছেন। গতি, বাউন্স আর সুইং দিয়ে রোচ জিম্বাবুয়েকে কাঁপিয়ে দিয়েছিলেন শুরুতেই। জিম্বাবুয়ের উইকেট পতনের শুরুটা হয়েছিল তাঁর হাতেই। রোচ-টিনো বেস্টের গতির সামনে প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে নামা জিম্বাবুইয়ানদের অস্বস্তিটা ছিল স্পষ্ট। যদিও টিনো মায়োয়োর কল্যাণে একপর্যায়ে ২ উইকেটেই ১০০ রান করে ফেলে জিম্বাবুয়ে।জিম্বাবুয়ে বড় ধাক্কাটা খায় দ্বিতীয় সেশনে। শিলিংফোর্ড-স্যামুয়েলসের ঘূর্ণিতে এই সেশনে তারা হারায় ৪ উইকেট। শেষ ৪ উইকেট পড়েছে ১৫ রানে। রোচের একের পর এক আঘাত সয়ে ব্যাটিং করে যাওয়া মায়োয়ো করেছেন ঠিক ৫০। আর কেউই টস জিতে ব্রেন্ডন টেলরের ব্যাটিং নেওয়ার বিস্ময়কর সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেননি।ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও অবশ্য ভালো হয়নি। পরশু প্রথম দিনেই ১৮ রানেই হারিয়ে ফেলেছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার কাইল জারভিস। নিজের চতুর্থ ওভারের ষষ্ঠ বলে কাইরান পাওয়েলকে এলবিডব্লু করেন জারভিস। পাওয়েল রেফারেল নিলেও লাভ হয়নি। ওভার শেষ হলেও আম্পায়ার ভুল করে জারভিসকে দিয়ে করান সপ্তম বলটি। জারভিস তাঁর সদ্ব্যবহার করেছেন নৈশপ্রহরী হিসেবে নামা কেমার রোচের উইকেট নিয়ে! দিন শেষে গেইল ১১ আর ড্যারেন ব্রাভো ব্যাট করছিলেন ০ রানে। তথ্যসূত্র: টেন ক্রিকেট।সর্বশেষ১৫১ রানে নেই ৬ উইকেট। মনে হচ্ছিল, দুই শর নিচেই আটকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন স্যামি নেমেই পাল্টে দিলেন চিত্র। ৩৮ বলে ছুঁলেন ফিফটি, দিনেশ রামদিনের সঙ্গে শতরানের জুটি। ক্যারিবিয়ান অধিনায়ক শেষ পর্যন্ত মাসাকাদজার বলে প্লেড অন হয়েছে ৬৯ বলে ৭৩ করে। মাসাকাদজা এর আগে ফিরিয়েছেন স্যামুয়েলসকেও। প্রথম দিন ২ উইকেট নেওয়া জারভিস কাল নিয়েছেন আরও দুটি। কাল চা-বিরতিতে উইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৫।