পেসার ত্রয়ীর প্রশংসায় স্মিথ
অনেক নাটকীয়তার মধ্য দিয়ে মাত্র তিন দিনেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্ট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রায় ১০০ বছর পর একদিনেই ২৩টি উইকেটের পতনের সাক্ষী হয়েছে এই কেপটাউন টেস্ট। শেষ পর্যন্ত গতকাল দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার অনবদ্য সেঞ্চুরির সুবাদে আট উইকেটের জয় নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অবশ্য ম্যাচ শেষে এই জয়ের পুরো কৃতিত্ব তিন পেসার মরনে মরকেল, ডেল স্টেইন ও অভিষিক্ত ফিলিন্ডারকেই দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।প্রথম ইনিংসে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যাওয়ার পর ১৮৮ রানে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নিশ্চয়ই হার অবধারিত ধরে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থক। কিন্তু এই পেসার ত্রয়ীর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ৪৭ রানেই গুটিয়ে দিয়ে শক্ত অবস্থান ফিরে পায় প্রোটিয়ারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গ্রায়েম স্মিথ বলেছেন, ‘এই জয়ের কৃতিত্বটা বোলারদেরই দেওয়া উচিত। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর তারা যেভাবে আমাদের খেলায় ফিরিয়েছে, সেটা এককথায় দুর্দান্ত। এই জয়ের কৃতিত্ব তাদেরই প্রাপ্য। তারা খুবই সুন্দর বোলিং করেছে। জয়ের সুযোগ-সম্ভাবনা সবই তাদের হাত ধরেই এসেছে।’অভিষেক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে মোট আটটি উইকেট শিকার করে ম্যাচ-সেরার স্বীকৃতিও পেয়েছেন ভারনন ফিলিন্ডার। ইএসপিএন।