পেসারত্রয়ীর অন্য জয়
তৃপ্তি-অতৃপ্তি দুটোই মিলেমিশে একাকার চম্পকা রমানায়েকের মুখে। তৃপ্তির কারণ, কাল সন্তুষ্ট হওয়ার মতো বোলিংই করেছেন তাঁর তিন ছাত্র শাহাদাত হোসেন, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। অতৃপ্তি—ভালো বল করেও লাভটা কী হলো? শাহাদাত হোসেনের বাউন্সারে রাহুল দ্রাবিড় ইনিংস শেষ না করেই হাসপাতালে, তারপরও তো দিন শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৫৯!দিন শেষে তৃপ্তির কথাটাই আগে বললেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান বোলিং কোচ, ‘ভারতীয় ব্যাটসম্যানদের হুক-পুলে দুর্বলতা আছে। সে কারণে আমাদের স্ট্র্যাটেজিই ছিল শর্ট বল করা, বাউন্স দিয়ে ওদের বিপদে ফেলা। বোলাররা তাতে সফল হয়েছে।’ অতৃপ্তির কথাটা এল এরপরই, ‘টেন্ডুলকারের ক্যাচটা যদি ধরা যেত, কিংবা ওই নো বলটা (যেটাতে আউট হয়েও বেঁচে গেছেন রাহুল দ্রাবিড়) না হলে দিন শেষে স্কোরবোর্ডের চেহারা অন্যরকম থাকতে পারত।’ চম্পকা তারপরও আশাবাদী, ছাত্ররা তাঁর শিখিয়ে দেওয়া বিদ্যাটা পুরো কাজে লাগাতে না পারুক, অন্তত মাথার ভেতর ঢুকাতে পারছে, ‘চট্টগ্রাম টেস্টেও দেখেছেন, পেসাররা ভালো বল করতে শুরু করেছে। এখন যে পেসাররা খেলছে, তারা সবাই বলতে গেলে নতুন, অনভিজ্ঞ। ভালো বোলার হিসেবে বেড়ে ওঠার জন্য ওদের সময় দরকার।’কোচের মতো দলের তিন পেসারও গত দুই দিনে নিজেদের পারফরম্যান্সে খুশি। সংবাদ সম্মেলনে যাওয়ার পথে দলের অভিজ্ঞতম পেসার শাহাদাত হোসেন বলে গেছেন, ‘আমাদের প্ল্যান ছিল ওদের শর্ট বল করব। সবাই তাই করেছে।’ কিন্তু পরিকল্পনা কাজে লাগাতে পেরেও কি পুরো খুশি হতে পারছেন শাহাদাত হোসেন? একটু কঠিন হলেও শচীন টেন্ডুলকারের একটা ক্যাচ তো পড়েছে তাঁর বলেও! নাহ, এ নিয়ে কোনো দুঃখ নেই শাহাদাতের, ‘ক্যাচ তো পড়তেই পারে। পার্ট অব গেম। তবে রকিবুলের হাত থেকে পড়ায় অবাক হয়েছি। ও ভালো ফিল্ডার...।’বাউন্সার মেরে ব্যাটসম্যানকে মাঠছাড়া করার ‘সাফল্য’ এর আগেও পেয়েছেন শাহাদাত হোসেন। এর আগে ফতুল্লায় তাঁর বাউন্সারের শিকার হয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, এবার দ্রাবিড়। কোনটা এগিয়ে? সংবাদ সম্মেলনে দ্রাবিড়ের নামটাই বললেন শাহাদাত। কেন? ‘দ্রাবিড় অনেক বড় ব্যাটসম্যান। সেঞ্চুরি হয়ে যাওয়ার পর তার হেলমেটে বল লাগানো...সেজন্যই খুশি।’সিরিজে এখন পর্যন্ত সাকিব আল হাসানের বলে দুবার আউট হয়েছেন শচীন টেন্ডুলকার। কাল রকিবুল ক্যাচটা না ফেললে একই গৌরবে ভাসতে পারতেন রুবেলও। সেটা হয়নি বলে দিন শেষে নামের পাশে একটাও উইকেট নেই এই তরুণের। একটু কি হতাশ? রুবেল ডানে-বাঁয়ে মাথা নাড়েন, ‘না, হতাশ হব কেন? আজ (গতকাল) তো আমরা পেসাররা খুব ভালো বল করলাম। শর্ট বলের স্ট্র্যাটেজি থাকলেও আমি অবশ্য একটু সামনে সামনেই বল ফেলেছি। তারপরও খারাপ হয়নি দিনটা।’ দিন শেষে একই তৃপ্তি মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা শফিউলেরও, ‘উইকেট হয়তো খুব বেশি নিতে পারিনি। তবে বোলিং ভালো হয়েছে। ওরা খুব হাত খুলে ব্যাট করতে পারেনি।’পেস বোলারদের দিন কি তাহলে ফিরল?