খুব নির্ভার হয়ে ম্যাচটা দেখলাম। সকালে বোলিং পাওয়ার পর জয়ের ব্যাপারে কোনো দ্বিধা-দ্বন্দ্বই রইল না আর। কখনো মনে হয়নি হল্যান্ডের কাছে ‘দুর্ঘটনার’ শিকার হতে পারি আমরা। ধরে নিয়েছিলাম ডাচদের ১৮০-এর মধ্যে আটকে রাখা যাবে। কিন্তু এর চেয়েও কম রান হলো। তামিম দ্রুত আউট হয়ে যাওয়ায় একটু টেনশন লাগছিল। সারা দিন বাসায় টিভির পর্দায় চোখ রেখে ওই অল্প কিছু সময় মনটা একটু খারাপ হয়েছিল। তামিম উইকেটে থাকলে আমার ধারণা ২৫ ওভারের মধ্যেই খেলা শেষ হয়ে যেত। শেষ পর্যন্ত আমরা ৪২ ওভার পর্যন্ত খেললাম। এতে কিন্তু আমাদের রানরেটটা মাইনাসেই রইল।সে যা-ই হোক, এই ম্যাচে জয় দরকার ছিল এবং সেটি সহজে তুলে নেওয়া গেছে। ম্যাচে অনেক ইতিবাচক দিক আছে। ব্যক্তিগত কিছু পারফরম্যান্সও নজর কাড়ছে। শফিউল ভালো করে আসছিল। কাল তো দারুণ বল করল সে। জায়গামতো বল রেখেছে। যেটা ছিল খুব জরুরি। উইকেটের সাহায্য কাজে লাগিয়েছে ষোলোআনা। এখন যারা আছে তাদের মধ্যে শফিউল বেশ পরিণত। এটাই তাকে আরও এগিয়ে নেবে আশা করছি। বিশ্বকাপ শুরুর আগে আমাদের পেস বোলিং নিয়ে ছিল উদ্বেগ। আমি ছিটকে পড়ি দল থেকে। তবে এ পর্যন্ত আমাদের পেসাররা যা করল তাতে আমি ভীষণ খুশি। গতকালের পারফরম্যান্সটা সামনের দিকে টেনে নিতে পারলে আমাদের আরও অনেক বড় সম্ভাবনা আছে এবং আমাদের দুই পেসার সেটা পারবে বলে আমার বিশ্বাস।দলে যখন যে থাকবে তাকেই পারফর্ম করতে হবে—এটিই মূল বিষয়। শফিউলের জায়গায় আরেকজন থাকলে তাকেও এভাবে ভালো বল করতে হতো। এটা দলের চাহিদা। আমি থাকলে আমাকেও ভালো পারফর্ম করতে হতো। পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। আর নিজ নিজ জায়গা থেকে সেটি খেলোয়াড়েরা করতে পারলে দল এগিয়ে যায়। আমাদের দলটা ঠিক সেভাবেই এগোচ্ছে।একেবারেই সাদা চোখে যদি দেখি, অবশ্যই আলাদা প্রশংসা করতে হবে দুই পেসারের। আমরা স্পিনের ওপর বেশি ভরসা রাখছিলাম। কিন্তু দেখুন, পেসাররা তাদের কাজটা ঠিই করে দিচ্ছে এবং জয়ে খুব ভালো অবদান রাখছে। শফিউলের কথা তো আগেই বলেছি, রুবেলও ভালো করছে। ওর দিকে কেউ না তাকালে অন্যায় হবে। বড় ম্যাচগুলোয় ও ঠিকই ভালো বল করেছে। কালও ভালো করেছে।তবে একটা ব্যাপার, পেস বোলিংটা কিন্তু এখনো ঠিক সেভাবে আমরা ব্যবহার করছি না। পেছনের ম্যাচগুলোর দিকে তাকালেই সেটা বোঝা যাবে। এ নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। হ্যাঁ, স্পিন আক্রমণ আমাদের বড় ভরসা, কিন্তু পেস বোলিংটা যাতে কোনোভাবে আড়ালে ঢাকা না পড়ে সেদিকে লক্ষ রাখা দরকার। আমাদের পেসাররা কী পারে, সেটি কাল আবার দেখা গেল। এখন দরকার পেসারদের প্রতি আরও সমর্থন। ব্যাটিং নিয়ে ইতিপূর্বে যা বলেছিলাম, আজও তাই বলব। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। অনেক সুযোগ রয়ে গেছে এই বিভাগে। কাল প্রথম ওভারেই তামিম আউট হওয়ার পর ইতিবাচক খেলল জুনায়েদ। ইমরুল তো ধারাবাহিকভাবে ভালো করছে। দলে এসে শাহরিয়ার নাফীসের ব্যাটিংও ভালো লেগেছে।তবে ভালো লাগবে না যদি এখন আবার আমরা ‘কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল’ বলে দলের ওপর চাপ তৈরি করে দিই। ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটা হয়ে যাক। তারপর সমীকরণ যা দাঁড়ায় দাঁড়াবে। তাই হল্যান্ডের বিপক্ষে কালকের প্রত্যাশিত জয়ের পরও কোয়ার্টার ফাইনাল আলোচনায় আমি ঢুকছি না। এসব করা হলে দলের ওপর চাপ তৈরি হয়। দলের ভেতর থেকে এই চাপটা জিনিসটা আমি ভালোভাবে দেখেছি।