পেসারদের নিয়মিত বিশ্রাম দরকার: শেবাগ
সম্প্রতি ইনজুরি সমস্যার কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে ভারতকে। ইংল্যান্ড সফরে জহির খানের ইনজুরিতে বোলিং আক্রমণ একেবারেই ধারহীন হয়ে গিয়েছিল বিশ্বকাপজয়ীদের। ইংল্যান্ডের ফিরতি ভারত সফরেও ইনজুরির কারণে খেলতে পারেননি শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিংসহ বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। পেসারদের ইনজুরি-সমস্যা সামাল দিতে তাদের নিয়মিত বিরতিতে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন শেবাগ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট বিতর্ক নিয়েও নিজের মতামত দিয়েছেন ভারতের এই ডানহাতি ওপেনার।ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে পারেননি তিনি। তবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আবার মাঠে ফিরবেন তিনি। ভারতীয় পেসারদের ইনজুরি-সমস্যা প্রসঙ্গে শেবাগ বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের এটা নিশ্চিত করা দরকার যে পেসারদের যেন খুব বেশি ম্যাচ খেলতে না হয়। এমনিতেই তারা ইনজুরির শিকার বেশি হয়। আর এর ফলে তাদের বলের গতিও নষ্ট হয়। এ ছাড়া ইনজুরির পর দলে ফেরাটাও অনেক কঠিন হয়ে যায়।’আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় বাণিজ্যিক ভিত্তিতে আইপিএল খেলার দিকেই এখন ভারতীয় ক্রিকেটাররা বেশি মনোযোগ দিচ্ছেন বলে একটা সমালোচনা ইদানিং হরহামেশাই করছে গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা। তবে এ ধরনের সমালোচনা একেবারেই পাত্তা দিচ্ছেন না শেবাগ। তিনি বলেছেন, ‘কোনো ক্রিকেটারকে আমি এ ধরনের কথা বলতে শুনিনি। শুধু মিডিয়া আর সাবেক ক্রিকেটাররাই এ ধরনের মনোভাব পোষণ করেন। টেস্ট খেলাটা সব তরুণ ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো। কোনো ভারতীয় ক্রিকেটারকে খুঁজে পাওয়া যাবে না, যে আইপিএল খেলার জন্য টেস্ট-ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসর নিয়েছে।’