পেসারদের পর ক্লার্ক-পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মাঠে অসংখ্য ম্যাচ খেলেছেন, দেখেছেন। জিওফ লসন মনে করতে পারলেন না, সিডনির প্রথম দিনে কখনো এত উইকেট পড়তে দেখেছেন কি না। ধারাভাষ্য কক্ষে হতভম্ব ইয়ান চ্যাপেল, ‘এমন রৌদ্রোজ্জ্বল দিনে কীভাবে এক দিনে ১২ উইকেট পড়ে!’ বড় চ্যাপেল যখন এটা বললেন, তার পরও উইকেট পড়েছে আরেকটি। ১৮৮২ সালে, সিডনিতে প্রথম টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছিল ১১টি। শততম টেস্টের প্রথম দিনে পড়ল ১৩টি!সর্বশেষ যখন সিডনি প্রথম দিনে এত উইকেটের পতন দেখে, ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন ‘থ্রি ডব্লু’, অস্ট্রেলিয়ায় রিচি বেনো, লিন্ডসে হ্যাসেটরা। উইকেট ছিল পেস-সহায়ক। এবারের উইকেটে ঘাসের ছোঁয়া আছে, কিন্তু বোলিং-স্বর্গ নয় মোটেও। টস জিতে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের সিদ্ধান্তে তাই কোনো ঝুঁকি ছিল না। কিন্তু হতাশ করেছেন ভারতীয় ব্যাটিংয়ের বিখ্যাত সব নাম। প্রতিপক্ষের পথে পা বাড়িয়েছে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ টপ অর্ডারও। কিন্তু ভালো খেললে যে এই উইকেটে রান করা কঠিন নয়, সেটা দেখিয়েছেন ধোনি-টেন্ডুলকার-পন্টিং-ক্লার্করা। দিনের একমাত্র ফিফটি এসেছে ধোনির ব্যাট থেকেই, অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ টেস্টে যেটি তাঁর প্রথম ফিফটি। পন্টিং ও ক্লার্কের অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতেই দিনটা নিজেদের করতে পেরেছে অস্ট্রেলিয়া।ভারতের মূল হন্তারক আবারও জেমস প্যাটিনসন। ২১ বছর বয়সী পেসার প্রতিদিনই যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। টানা দ্বিতীয় ইনিংসে কাল ৪ উইকেট নিয়েছেন, ৪টি উইকেটই প্রথম ৫ ব্যাটসম্যানের। সাড়ে তিন টেস্টে এখন ২৪ উইকেট প্যাটিনসনের, এর ১৭টিই প্রথম ৫ ব্যাটসম্যানের। এই ১৭ জনের চারজনকে আবার আউট করেছেন শূন্য রানে!কাল যেমন ম্যাচের তৃতীয় বলেই গৌতম গম্ভীরের দুঃসময় আরেকটু দীর্ঘায়িত করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে। রিকি পন্টিংয়ের হাতে জীবন পাওয়া বীরেন্দর শেবাগকে ফিরিয়েছেন দ্বিতীয় স্পেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট দুটোও এনে দিয়েছেন প্যাটিনসন। সিডনির দুই বরপুত্র শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণকে প্রথম ইনিংসে অন্তত বড় কিছু করতে দেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন এই ‘গোল্ডেন বয়’।এই মাঠে টেন্ডুলকারের গড় ২২১.৩২। বছরের প্রথম ইনিংসে সেঞ্চুরি উপহার দিয়েছেন গত চার বছরই। সিডনির শততম টেস্টে নিজের শততম সেঞ্চুরির প্রত্যাশা জাগিয়ে টেন্ডুলকার শুরুটাও করেছিলেন দারুণ। খেলছিলেন মেলবোর্নের মতোই। কিন্তু প্যাটিনসনের হাফভলি মতো বলকে কভার ড্রাইভ করতে গিয়ে টেনে আনেন স্টাম্পে! স্লিপে ধরা পড়ে লক্ষ্মণ ফিরে গেছেন এর আগেই, তিন ইনিংসে তাঁর রান ৫।মেলবোর্নের মতো কালও তরুণ তুর্কিকে দারুণ সঙ্গ দিয়েছেন হিলফেনহস ও সিডল। নতুন বলে ইচ্ছামতো সুইং করিয়েছেন হিলফেনহস, যদিও উইকেট পেয়েছেন শেষে এসে। সিডল তিন স্পেলে পেয়েছেন তিন উইকেট, ভালো কিছুর ইঙ্গিত দেওয়া বিরাট কোহলিকে আউট করেছেন দুর্দান্ত এক আউট সুইঙ্গারে। সপ্তম উইকেটে অশ্বিনকে নিয়ে ইনিংসের একমাত্র ফিফটি জুটি গড়েছেন ধোনি।অস্ট্রেলিয়ান টপ অর্ডারে তিনজনই বাঁহাতি, আর বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে জহির খান বরাবরই দুর্বার। তবে ভারতীয়দের মতোই এখানেও দায়টা বেশি ব্যাটসম্যানদের। এবারও প্রথম ওভারে উইকেট, দ্বিতীয় স্লিপে লক্ষ্মণের হাতে লেগে আসা বল প্রথম স্লিপে হাতে জমান টেন্ডুলকার। যদিও বলটি না খেলে ছেড়ে দিতে পারতেন ওয়ার্নার। শন মার্শ স্লিপে ক্যাচ দিয়েছেন অফ স্টাম্পের বাইরের বল অযথা ডিফেন্স করে। গত চার ইনিংসে মার্শের এটি তৃতীয় শূন্য! ভেতরে ঢোকা বল ক্রস ব্যাটে খেলে এলবিডব্লু কাওয়ান।তবে পন্টিং-ক্লার্ক পুরো সময়টাই ব্যাট করেছেন স্বচ্ছন্দে। দিনের শেষ ১০ ওভারে রান এসেছে ওভারপ্রতি ৫ করে। সেরা সময়কে মনে করিয়ে দেওয়া সব শট খেলেছেন পন্টিং, কিন্তু আজ কি পারবেন সেঞ্চুরি-খরা ঘোচাতে? সূত্র: স্টার ক্রিকেট।