পেসারদের ব্যাটিং-শিক্ষা
পেস বোলিং ব্যাপারটা মনে হয় জুনায়েদ সিদ্দিকের বেশ মনে ধরেছে। মধ্যাহ্নভোজ সেরে ফেরার পথে বিসিবির লবিতে হাঁটতে হাঁটতেই হঠাৎ ছোট একটা লাফ দিয়ে বল ছোড়ার ভঙ্গি করলেন। জুনায়েদরা তাহলে সত্যিই পেসার হয়ে যাবেনই!তাহলে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেনরা কী করবেন? কেন ব্যাটিং! গতকাল সকালে ব্যাটিংই করলেন। ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন দলের ছয় পেসারকে নিয়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন পর্ব চালালেন।ইনডোরের অনুশীলন পর্বে বাউন্সারে ডাক করলেন রুবেলরা, অফ স্টাম্পের বাইরের বল ছাড়লেন, এমনকি ‘সিধা ব্যাটে’ দু-চারটে শটও খেলে ফেললেন। তবে এসব বল খেলা-ছাড়ার চেয়েও বেশি হলো আলোচনা। দীর্ঘক্ষণ ধরে ফাউন্টেন ছয় পেসারকে গোল করে দাঁড় করিয়ে কী যেন বলে গেলেন, আর পেসাররা খুব মনোযোগ দিয়ে তা শুনলেন। কী বললেন ফাউন্টেন? চোখ-মুখ পাকিয়ে সাবেক এই বেসবল খেলোয়াড় বললেন, ‘আমরা এই দলটাকে একটা কার্যকর দলে পরিণত করতে চাইছি। ওয়ানডে ক্রিকেটে সবাইকে যত বেশি সম্ভব দলের জন্য ভূমিকা রাখতে হবে। আমাদের বোলাররা যদি প্রতি ম্যাচে ২০-২৫ রান করেও দলের জন্য অবদান রাখতে পারে, দেখা যাবে দিন শেষে সেটাই বড় ব্যাপার হয়ে গেছে।’এসব অনেক পুরোনো কথা। সেই ডেভ হোয়াটমোর বা তারও আগের যুগে বাংলাদেশ এই অলরাউন্ড-তত্ত্বের সঙ্গে পরিচিত হয়েছে। বোলারদের যে ব্যাটিংয়ে ভূমিকা রাখতে হবে—এটা আধুনিক ক্রিকেটে নতুন করে বলার কিছু নেই। কিন্তু বাংলাদেশের জন্য এই ব্যাপারটা ইদানীং একটু বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ‘ব্যাটিং পাওয়ার প্লে’ বলে এক শাঁখের করাতের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে এত সব প্রাপ্তির মধ্যেও বাংলাদেশকে বড় ভুগিয়েছে ওই ব্যাটিং পাওয়ার প্লে। নিচ্ছি, নেব করে ব্যাটসম্যানদের হাতে থাকা এই ৫ ওভারের ‘ফিল্ডিং সীমাবদ্ধতা’র সুযোগ যখন নেওয়া হয়, দেখা যায় ততক্ষণে ৬-৭ ব্যাটসম্যান তাঁবুতে ফিরে এসেছেন।দ্রুত রান তোলার ওই সময়টায় বোলাররা উইকেটে গিয়ে পড়ে যান বিপাকে। তুলে মারতে গিয়ে নিজেরাই দ্রুত ফিরে আসেন। কালকের নিবিড় ব্যাটিং শিক্ষা শেষে পেসার রুবেল হোসেন বলছিলেন, ওই তুলে মারার স্বভাবটা বদলানোই কোচের লক্ষ্য, ‘পাওয়ার প্লেতে তো দ্রুত রান করার চাপ থাকে। তাই আমরা উইকেটে গিয়েই জোরে মারার চেষ্টা করি। এখন কোচ বলছেন, এটার দরকার নেই। যে সময়েই আমরা বোলাররা ব্যাটিংয়ে যাই না কেন, আমাদের কাজ হবে স্ট্রাইক বদল করা। বল দেখে খেলা।’রুবেল যে আসল সুরটা ধরতে পেরেছেন, সেটা বোঝা গেল ফাউন্টেনেরই কথায়, ‘আসলে আমরা চাই, বোলাররা উইকেটে গিয়ে যেন আতঙ্কিত না হয়ে পড়ে। নিজেকে বোলার হিসেবে না ভেবে, ব্যাটসম্যানদের মতো আচরণই করতে হবে তাদের।’ব্যাটসম্যানদের মতো আচরণটা কী? সৈয়দ রাসেল একটু পরিষ্কার করে বললেন, ‘বাউন্সার দিলেই আমরা যাতে হুক করার চেষ্টা না করি, বল শরীর সোজা এলে যেন ভয় না পাই; সেগুলোই বলছেন উনি। সোজা কথা ব্যাট হাতে যখন নামব, ব্যাটসম্যানই হতে হবে।’বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি সফলভাবে ‘ব্যাটসম্যান’ হওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই মাশরাফি বিন মুর্তজার। তিনটি টেস্ট ফিফটি আছে, আছে কিছু ঝোড়ো ওয়ানডে ইনিংস; একসময় রাহুল দ্রাবিড়রা তাঁকে অলরাউন্ডারও বলে দিয়েছিলেন। কিন্তু সেই ব্যাটসম্যান মাশরাফি ইদানীং অদৃশ্য হয়ে গেছেন।মাশরাফিও মানছেন, বোলারদের ব্যাটিংয়ে উন্নতি করাটা জরুরি হয়ে পড়েছে, ‘দলে ভূমিকা রাখতে হলে প্রয়োজনের সময় ব্যাট হাতে রান তো করতেই হবে। সে জন্য আমাদের প্রত্যেকেরই উন্নতি করার দরকার।’শফিউল ইসলামের ‘ব্যাটসম্যান’ হওয়ার অভিজ্ঞতা আছে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একটা ফিফটিও করেছেন। সে কথা মনে করিয়ে দিতেই শফিউল হেসে বললেন, ‘এখনো ওয়ানডেতে ওরকম করতে পারিনি। তবে যা শিখছি, তাতে দেখবেন ভালো ব্যাটিং করব।’