পেসারদের মূল সমস্যা যেখানে...
বাংলাদেশের তিন পেসার খেলছেন এক টেস্টে, অথচ তিনি নেই! না, তিনি আছেন। আছেন ড্রেসিংরুমে, খেলার মাঝের বিরতিগুলোতে বল হাতে বোলিং কোচের সঙ্গে নামছেন মাঠেও। ছোট ছোট রানআপে বল করে মাঠে ফেরার শেষ দূরত্বটা পার করছেন মাশরাফি বিন মুর্তজা।পুনর্বাসনে আছেন বলে মাশরাফি দলের সঙ্গে ড্রেসিংরুমেই থাকছেন। আর ড্রেসিংরুমে বসে খেলা দেখার সুবাদে দেশের মাটিতে একসঙ্গে তিন পেসারকে খেলতে দেখার বিরল অভিজ্ঞতাও হচ্ছে তাঁর। তিন পেসারের মধ্যে এ নিয়ে ৩৩ টেস্ট খেলা শাহাদাত হোসেন সংখ্যার দিক দিয়ে কিছুটা অভিজ্ঞ হলেও অন্য দুজন তা-ও নয়। রবিউল ইসলামের এটি মাত্রই তৃতীয় টেস্ট, আর নাজমুল হোসেন দ্বিতীয় টেস্ট খেলছেন প্রথম টেস্ট খেলার সাত বছর পর!তিন পেসার খেলালেও কাগজে-কলমে এটাকে অনভিজ্ঞ পেস আক্রমণই। তবে মাঠের বাইরে থেকে শাহাদাত-রবিউলদের বোলিং দেখে অভিজ্ঞতাকে সমস্যা মনে হচ্ছে না মাশরাফির, ‘রবিউল-নাজমুলের অভিজ্ঞতা হয়তো একটু কম। কিন্তু শাহাদাত অনেক ম্যাচ খেলেছে। আর নাজমুল অনেক দিন পর টেস্ট খেললেও ওয়ানডে দলে যাওয়া আসার মধ্যে ছিল। আমার মনে হয় না অভিজ্ঞতা এখানে কোনো সমস্যা হচ্ছে। মূল সমস্যা হয়তো স্কিলে।’পেসার রবিউলের সঙ্গে কথা বলে স্কিলের সমস্যাটা ধরাও গেল। সিমিং কন্ডিশনেও পেসাররা কেন সাফল্যের ঝান্ডা ওড়াতে পারছেন না, সেই ব্যাখ্যা দিলেন রবিউল কাল তৃতীয় দিন শেষে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে, ‘এই উইকেটে সামনে বল করে লাভ হচ্ছে না। বল সেভাবে মুভ করে না। এর চেয়ে পেছনে ফেলে বাউন্সার দিলে কিছুটা কাজ হচ্ছে।’ তিন পেসারের মধ্যে নাজমুলের বোলিংটাই বেশি ভালো হচ্ছে মনে হচ্ছে তাঁর কাছে, ‘নাজমুল খুবই ভালো বল করছে। এত ভালো বল করেও বেশি উইকেট না পাওয়াটা দুঃখজনক।’মাঠের বাইরে থেকে খেলা দেখা মাশরাফির বিশ্লেষণ অবশ্য ভিন্ন। তাঁর চোখে নাজমুলের সঙ্গে রবিউলের বোলিংও ‘সন্তোষজনক’। কারণ তাঁরা দুজনই বল করছেন স্টাম্পের ওপর, ‘আগেই বলেছিলাম, এই উইকেটে স্টাম্প টু স্টাম্প বল করতে হবে। নাজমুল আর রবিউল সেটা করতে পারছে বলেই ওদের বোলিং ভালো হচ্ছে। রাজীবেরও (শাহাদাত) উচিত বাউন্সার না দিয়ে স্টাম্পে বল রাখা।’ এই উইকেটে বল কখনো কখনো নিচু হবে। স্টাম্পে বল রাখলে এলবিডব্লুর সম্ভাবনা বাড়ে, মাশরাফিও তাই মনে করেন। তা ছাড়া মিরপুরের উইকেটে বলে মুভমেন্ট কম হওয়াটা স্বাভাবিকই মনে হয় তাঁর কাছে, ‘এখানে ডানে-বাঁয়ে মুভমেন্ট কমই হবে। উইকেটে ঘাস থাকলে হতো। ঘাস না থাকলে এমনি এমনি মুভমেন্ট হবে না। বোলারকেই আউট সুইং-ইন সুইং করাতে হবে।’দিন শেষের সংবাদ সম্মেলন নাজমুল বলে গেছেন, ‘কন্ডিশনটা পেস বোলিংয়ের জন্য সহায়ক বলতে পারেন, পিচটা নয়।’ স্কিলের অভাবটা বোধহয় ধরা পড়ে এতেও। মিরপুরের উইকেট কখনোই পেসারদের স্বর্গ নয়। তবে কথাটা সম্ভবত বাংলাদেশের পেসারদের জন্যই প্রযোজ্য। অন্য দেশের পেসাররা এসে তো মাঝেমধ্যে মিরপুরের উইকেটকেও বানিয়ে ফেলেন ‘পেস সহায়ক’!বাংলাদেশের পেসারদের মধ্যে অবশ্য ব্যতিক্রমও আছে। শাহাদাত হোসেনের কথাই ধরুন। ২০০৮-এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে মিরপুরের উইকেটেই ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন শাহাদাত, যা এক ইনিংসে বাংলাদেশের যেকোনো পেসারের জন্যই সেরা বোলিং। মাশরাফির ব্যবস্থাপত্র মেনে এবারও কি সে রকম কিছু করার চেষ্টা করবেন শাহাদাত?মাশরাফি আশাবাদী এবং সেটা কেবল শাহাদাতকে ঘিরেই নয়। আশাটা পুরো দলের কাছে, ‘ড্রেসিংরুমে থেকে দলের মানসিক অবস্থা খুবই ভালো মনে হচ্ছে। সবাই ভালো কিছু করার আশা করছে, চেষ্টাও আছে। এখন সেটা করতে পারলেই হয়।’