পেসারদের স্বর্গে ব্যাটিংয়েও আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের ম্যাচ শেষ, সাকিবেরটা তখনো শুরু হয়নি। মাঝের সময়টাতে আবাহনী অধিনায়ক মুশফিকের সঙ্গে মাঠেই দেখা হয়ে গেল কালই সিলেটে আসা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের। হলো কুশলবিনিময়ও । আনিস মাহমুদ
মুশফিকের ম্যাচ শেষ, সাকিবেরটা তখনো শুরু হয়নি। মাঝের সময়টাতে আবাহনী অধিনায়ক মুশফিকের সঙ্গে মাঠেই দেখা হয়ে গেল কালই সিলেটে আসা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের। হলো কুশলবিনিময়ও । আনিস মাহমুদ

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ক্রিকেট-উৎসবে মেতেছে সিলেট। বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকের সামনে সে উৎসবকে কাল আরও রঙিন করে তুললেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাকিব আল হাসানরা। মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে দিনের প্রথম ম্যাচে মোহামেডানকে ৭৭ রানে হারিয়েছে আবাহনী। দ্বিতীয় ম্যাচে সাব্বির-সাকিবের ব্যাটে চড়ে ইউসিবি-বিসিবি একাদশকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ব্যাট হাতে মুশফিক-সাব্বিররা আলো ছড়ালেও সিলেটের উইকেট পেসারদের স্বর্গ বলে পরিচিতি পেয়ে গেছে এরই মধ্যে। বল উঠছে নাকের ওপর, মুভমেন্টও দারুণ। এমন উইকেট বাংলাদেশের পেসাররা এই প্রথম পেল এবং পেয়ে সেটা কাজেও লাগাচ্ছে ভালোই। কাল দুটি ম্যাচ যে ২৯ উইকেটের পতন দেখল, তার ১৭টিই পেয়েছেন পেসাররা। স্পিনাররা পেয়েছেন ৮টি, বাকি ৪টি রানআউট।

মোহামেডানের দুই পেসার মাশরাফি বিন মুর্তজা আর দেওয়ান সাব্বিরের তোপে ১২ রানে পড়ে যায় আবাহনীর ২ উইকেট। সেখান থেকে রানটা ৮ উইকেটে ১৭২ হলো অধিনায়ক মুশফিকুর রহিমের ৩৮ বলে ৫৯ রানের সৌজন্যে। সৌম্য সরকারের (৩৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭০ এবং চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর (১৮) সঙ্গে ৪০ রানের দুই জুটিতেই দলের রানটা ওখানে নিয়ে যান অধিনায়ক। মোহামেডান যেতে পারেনি তার ধারেকাছেও। ১৪.২ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট, শাহরিয়ার নাফীসের ৩৪-এর পর দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক মাশরাফির ১৬।

দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পরও মিডল অর্ডারের জোড়াতালিতে ১২৩ রান করতে পেরেছিল ইউসিবি-বিসিবি একাদশ। ৫৩ রানে ৪ উইকেট পড়ার পর পঞ্চম উইকেটে মার্শাল-নাঈমের ৫৩ রানের জুটি হয়েছে। কিন্তু সাব্বির রহমান আর সাকিব আল হাসানের ব্যাট ২ ওভার ৪ বল বাকি থাকতেই জয় এনে দিয়েছে প্রাইম ব্যাংককে। দলের ৩২ রানের মধ্যে দুই ওপেনারই ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি হয়েছে দুজনের। ছয় বাউন্ডারি আর এক ছক্কায় ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন সাব্বির। দুটি করে ছক্কা-চারে ২৫ বলে ৩৩ রান করে দেলোয়ারের বলে নাঈম ইসলামের হাতে ধরা পড়েছেন কালই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব।
টুর্নামেন্টে আজ কোনো খেলা নেই।

সংক্ষিপ্ত স্কোর
 আবাহনী: ২০ ওভারে ১৭২/৮ (মুশফিক ৫৯, সৌম্য ৩৭, জিয়া ২৪; মাশরাফি ২/১৭, সাব্বির ২/৩০, সাজেদুল ২/৩৮, মুমিনুল ১/১৫)। মোহামেডান: ১৪.২ ওভারে ৯৫ (শাহরিয়ার ৩৪, মাশরাফি ১৬; ফরহাদ ২/৯, সোহরাওয়ার্দী ২/৯, নাবিল ২/১২, শুভাশিস ২/৩০, জিয়া ১/১০, মাহমুদউল্লাহ ১/২৪)। ফল: আবাহনী ৭৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।
 ইউসিবি-বিসিবি: ২০ ওভারে ১২৩/৮ (মার্শাল ৪০, রনি ৩৪, নাঈম ৩২*; শাহাদাত ৩/২০, তাইজুল ২/৩০, রুবেল ১/২৯)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৭.২ ওভারে ১২৪/৩ (সাব্বির ৫০*, সাকিব ৩৩, এনামুল ২৪; দেলোয়ার ২/২৭)। ফল: প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।