পেসে শ্রীলঙ্কা, ভারত হয়তো স্পিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

ক্যারিয়ারে দুঃসময়ের চেয়ে সুসময়ের সঙ্গই বেশি পেয়েছি। সবকিছুই আমি সমানভাবে গ্রহণ করতে শিখেছি। জয় উদ্যাপন করো, কিন্তু তা যেন মাত্রা না ছাড়ায়। পরাজয়ে ব্যথিত হও, কিন্তু খুব বেশি নয়।
প্রোটিয়ারা প্রত্যাশার পরিচিত সেই চাপ নিয়ে এবার বাংলাদেশে আসেনি। ফেবারিটদের কাতারেও কেউ খুব একটা রাখেনি তাদের। আমরা সেমিফাইনালে উঠব, অনেকেই এটি আশা করেনি। একটি পরিষ্কার পরিকল্পনা নিয়েই আমরা এসেছিলাম। সেটি সবাই বুঝেছে ও বাস্তবায়নের চেষ্টা করেছে। সবাই জানত তাদের কাজটা কী এবং প্রায় সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজটা করে দেখিয়েছে। শুধু আসল দিনটিতেই ভারত আমাদের ছাড়িয়ে গেল।
কেন ও কোথায় ভুলটা হলো সেই অনুসন্ধানে অনেক ‘বিশেষজ্ঞ’ মতামত আসবে সন্দেহ নেই। কিন্তু সত্যিটা হচ্ছে বিরাট (কোহলি) ও তার সঙ্গীরা আমাদের চেয়ে ভালো খেলেছে। বিশ্লেষণের একটি সময় ও পরিস্থিতি থাকে—নিজের বোলিংয়ে উন্নতির জন্য আমি নিয়মিত ভিডিও বিশ্লেষণ করি। কিন্তু কখনো কখনো প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আপনাকে বলতে হবে, ‘দারুণ খেলেছ। জয়টা তোমার প্রাপ্য ছিল।’
বিরাট বলেছে, ৪৪ বলে ৭২ রান ‘সম্ভবত তার সেরা’ টি-টোয়েন্টি ইনিংস। আমরা মনে করেছিলাম ১৭৩ রানের লক্ষ্যটাকে নিরাপদ রাখতে পারব, কিন্তু কোহলির মতো একজন যখন নিজের সেরা ইনিংস খেলে কাজটা কঠিন হয়ে দাঁড়ায়।
নিশ্চিতভাবেই আরও কয়েকটি ছোটখাটো বিষয়ে আমরা আরও ভালো করতে পারতাম। ব্যাটিং ও বোলিং অর্ডার নিয়ে সমর্থকদের মধ্যেও সব সময়ই তর্কবিতর্ক থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি স্নায়ুক্ষয়ী ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে উঠেছি। আর সেখানে হেরে গেলাম শ্রেয়তর দলের কাছে।
খেলা আপনার প্রত্যয় ও ব্যক্তিত্বের পরীক্ষা নেয়। একই সঙ্গে শারীরিক সামর্থ্য ও দক্ষতারও। আমরা হাল ছেড়ে দিই না। আইসিসি ইভেন্টগুলোয় আমরা সব সময়ই লড়ে যাচ্ছি। আমাদের দিন একসময় আসবেই। খেলা শেষ পর্যন্ত তাদেরই মালা পরায়, যারা কঠিন পরিশ্রম করে যায়। বিশ্বকাপের এক বছরও বাকি নেই। আমরা তৈরি থাকব।
ভারত ও শ্রীলঙ্কা টুর্নামেন্টের সেরা দুই দল। যোগ্যতার মাপকাঠিতেই তারা ফাইনালে। ব্যাটিং ও বোলিংয়ে দুটি দলই দারুণ ভারসাম্যপূর্ণ। সম্ভবত মালিঙ্গা ও কুলাসেকারার মতো পেসার ভারতের নেই, কিন্তু স্পিনে কি তারা এগিয়ে নয়?
ব্যাটিং লাইনআপে আসলে কাউকে বেছে নেওয়ার উপায় নেই। জয়াবর্ধনে ও সাঙ্গাকারার শেষ টি-টোয়েন্টি ম্যাচ বলে ক্রিকেট রোমান্টিকরা হয়তো শ্রীলঙ্কাকে বেছে নেবে। কিন্তু রূপকথার মতো সমাপ্তি তো এই খেলায় কমই হয়!