পেসেই জবাব দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার আলভারো পিটারসেন। ভারতীয় পেসার ইশান্ত শর্মা পেলেন নিজের ৩ উইকেটের প্রথমটি। কাল জোহানেসবার্গ টেস্টে ।  এএফপি
আউট হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার আলভারো পিটারসেন। ভারতীয় পেসার ইশান্ত শর্মা পেলেন নিজের ৩ উইকেটের প্রথমটি। কাল জোহানেসবার্গ টেস্টে । এএফপি

বড় তারকাদেরও কখনো কখনো শিক্ষকের বকুনি খেতে হয়। পরশু দিন শেষে হজম করতে হয়েছে স্টেইন-মরকেল-ফিল্যান্ডারদের। প্রথম দিনে শিষ্যদের বোলিংয়ে মন ভরেনি অ্যালান ডোনাল্ডের। স্টাম্পের বেশি বাইরে বোলিং করায় নাখোশ ছিলেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ। বলে দিয়েছিলেন, দ্বিতীয় দিনে অফ স্টাম্প ঘেঁষে বোলিং করতে। কোচের পরামর্শে হাতেনাতে ফল। কাল সকালে ভারতের ৫ উইকেট তুলে নিল তারা ১৬ রানের মধ্যে।
কাল চা-বিরতির সময় শিষ্যদের নিশ্চয়ই কোনো মন্ত্র বাতলে দিয়েছিলেন ভারতের বোলিং কোচ জো ডয়েসও! চা-বিরতির আগেও খারাপ বোলিং করেননি ভারতীয় পেসাররা। তবে প্রোটিয়া ব্যাটসম্যানদের ছোবল দেওয়ার মতো যথেষ্ট ধার ছিল না। গ্রায়েম স্মিথ আর হাশিম আমলা মিলে তাই গড়ে তোলেন শক্ত একটা ভিত। চা-বিরতির পর রাতারাতি বদল দৃশ্যপট। ইশান্ত-জহির-সামিদের সুইংয়ে শক্ত ভিতে দাঁড়ানো ইনিংসটিই ভেঙে পড়ল হুড়মুড় করে। ভারতও তুলে নিল ৫ উইকেট, ঠিক সেই ১৬ রানেই!
পার্থক্যটা অন্য জায়গায়। ওই ধসের আগেই স্কোরবোর্ডে ভারতের রান ছিল ২৬৪ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকার ছিল অর্ধেকেরও কম। ১ উইকেটে ১৩০ থেকে মুহূর্তেই হয়ে গেল ৬ উইকেটে ১৪৬! আলভিরো পিটারসেনকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন যিনি, ধসের সূচনাও সেই ইশান্ত শর্মার হাত ধরে। ইনসুইঙ্গার না খেলে ছেড়ে দিয়ে বোল্ড আমলা। পরের বলে আরেকটি ইনসুইঙ্গারে এলবিডব্লু ক্যালিস, বর্ণাঢ্য ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় গোল্ডেন ডাক। আগেরটিও ছিল এই জোহানেসবার্গেই, ২০০৫ সালে। যদিও আউটটি না দিলেও পারতেন স্টিভ ডেভিস, বল লাগছিল লেগ স্টাম্পের বাইরের দিকে।
পরের ওভারে আরও বড় ধাক্কা। এক বছর পর দলে ফেরা জহির খান রিভার্স সুইংয়ে তুলে নিয়েছেন প্রিয় শিকারকে। ১৯ রানে জহিরের বলেই স্লিপে বেঁচে গিয়েছিলেন স্মিথ, ৬৮ করার পর আউট হয়েছেন তাঁর যমের বলেই। ১৩০ রানেই দক্ষিণ আফ্রিকা হারায় ৩ উইকেট। রিভার্স সুইংয়ে পরে জোড়া আঘাত হেনেছেন মোহাম্মদ সামি। এক ওভারেই ফিরিয়েছেন জেপি ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্সকে। বিপর্যয়ে প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসিস (১৭*) ও ভারনন ফিল্যান্ডার (৪৮*)। প্রথম দিনের খেলা শেষে ওই ৬ উইকেটেই দক্ষিণ আফ্রিকার রান ২১৩।
সকালে প্রথম ৯ ওভারে মাত্র ৯ রান দিলেও উইকেট পাচ্ছিলেন না দক্ষিণ আফ্রিকান পেসাররা। ধোনিকে ফিরিয়ে ফিল্যান্ডার ব্রেক থ্রু দিতেই ধরা দিতে থাকে একের পর এক উইকেট। প্রথম দিনে সবচেয়ে নির্বিষ ফিল্যান্ডারই সফলতম বোলার শেষ পর্যন্ত। ৪ উইকেট নিয়ে তাঁর ক্যারিয়ার উইকেট এখন ৯৯। টেন ক্রিকেট, ওয়েবসাইট।