পেসেই পথহারা ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালও সকাল থেকে লর্ডসের আকাশের মুখ ভার। ইংল্যান্ডের ইনিংস শুরু হতেই হেসে উঠল আকাশ। রোদঝলমলে চমৎকার পরিবেশ। কিন্তু এমন ঝলমলে হলো না ইংল্যান্ডের ইনিংস, হাসি মুছে গেল ইংলিশদের মুখ থেকে। স্টেইন-মরকেলের পেসে দিশেহারা ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ৫৪ রান তুলতেই। কেভিন পিটারসেনের বদলে ফেরা জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ভালোই প্রতিরোধ গড়ে তোলেন ইয়ান বেল। দিন শেষে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ২০৮। ব্যাটসম্যানরা প্রত্যাশিত রান এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু তাতে কী, বিশ্বের সেরা পেস জুটি আছে না! শুরু থেকেই স্টেইন-মরকেল বুঝিয়ে দিলেন কেন তাঁরা ভয়ংকরতম পেস জুটি। গতি, বাউন্স আর সুইংয়ে কাঁপিয়ে দিলেন ইংলিশ ব্যাটসম্যানদের। কুক-স্ট্রাউসের উদ্বোধনী জুটি তবু কোনো রকমে ১০ ওভার কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শততম টেস্ট খেলতে নামা স্ট্রাউসকে শুরু থেকেই নাচিয়ে ছেড়েছেন মরকেল। ফল পেয়েছেন লাঞ্চের দুই বল আগে। ভেতরে ঢোকা এক অসাধারণ বলে বোল্ড ইংলিশ অধিনায়ক।লাঞ্চের পর স্টেইনের হুংকার। টানা দুই ওভারে ভেঙে দিলেন ইংলিশ ব্যাটিংস্তম্ভ। জোনাথন ট্রটের জমাট ডিফেন্স ভাঙলেন গতি আর সুইংয়ের মিশেলে। অ্যালিস্টার কুকের আউটে অবশ্য তাঁর দায়টাই বেশি। অফ স্টাম্পের অনেক বাইরের এক বলে চরিত্রের সঙ্গে বেমানান শট খেলে স্লিপে ধরা পড়লেন কুক। মরকেল আবার আক্রমণে এসে শিকার করলেন তরুণ জেমস টেলরকে। সকালে লোয়ার-অর্ডারদের নিয়ে দক্ষিণ আফ্রিকাকে তিন শ পার করিয়েছেন ভারনন ফিল্যান্ডার। জাতীয় দলে প্রথম এসেছিলেন অলরাউন্ডার পরিচয়েই। কিন্তু ব্যাট-বল কোনোটাতেই সুবিধা করতে না পেরে জায়গা হারিয়েছিলেন। গত বছর বোলার হিসেবে পুনর্জন্ম হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। এবার মনে হচ্ছে অলরাউন্ডার পরিচয়টাও ফিরে পাচ্ছেন। অষ্টম উইকেটে ৩৫ রানের জুটি গড়েছেন ডেল স্টেইনের সঙ্গে, নবম উইকেটে ৩৯ রানের জুটি মরকেলের সঙ্গে। নিজে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটি। কে জানে, এই ইনিংসটাই শেষ পর্যন্ত ম্যাচে ব্যবধান গড়ে দেয় কি না! ওয়েবসাইট।