পেসেই ভারতকে ভাঙবে পাকিস্তান!
বোলিং বরাবরই পাকিস্তানের বড় শক্তির জায়গা। আসন্ন ভারত সফরেও বোলিংকেই বড় অস্ত্র ভাবছে পাকিস্তানিরা। মজার ব্যাপার হলো, বোলিং নিয়ে পাকিস্তানিদের আস্থাটা আবার দুই রকম।দুই অধিনায়ক মিসবাহ-উল হক ও মোহাম্মদ হাফিজের আস্থা পেসারদের নিয়ে। কোচ ডেভ ওয়াটমোরের বড় আস্থার নাম আবার স্পিনার সাঈদ আজমল। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ২২ ডিসেম্বর ভারতে আসছে পাকিস্তান। সফরটা মর্যাদা রক্ষার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পাকিস্তান। প্রস্তুতিও নিচ্ছে সেভাবেই। ভারতীয় বোলারদের সামলানোর টোটকা বাতলে দিতে পিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক অধিনায়ক ইনজামাম-উল হককে। তবে ব্যাটিং নয়, মিসবাহ-উল হক ও মোহাম্মদ হাফিজের বিশ্বাস—দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন তাঁদের পেসাররাই।ভারত সফরের জন্য লাহোরে চলছে পাকিস্তানিদের অনুশীলন ক্যাম্প। সেখানেই টি-টোয়েন্টি অধিনায়ক হাফিজ বলছেন, ‘আমার বিশ্বাস, আমাদের যে পেস বোলিং লাইন আপ, তা দিয়ে ভারতীয়দের তাদের মাটিতেই বিধ্বস্ত করার সামর্থ্য আমরা রাখি।’ টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২০১০ সালে দুটি ওয়ানডে খেলা মোহাম্মদ ইরফান ও আসাদ আলীও। হাফিজের দাবি, দীর্ঘদেহী ইরফান হবেন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানি চমক।মিসবাহও খুবই আশাবাদী, ‘এটা পেসারদের জন্য নিজেদের উজ্জ্বলভাবে মেলে ধরার ও দলে প্রতিষ্ঠিত করার দারুণ সুযোগ। কারণ, ভারতের বিপক্ষে সিরিজটা নিয়ে প্রত্যেকেরই গভীর আগ্রহ থাকে।’ কোচ হোয়াটমোরের কথা, আজমলই হবেন সিরিজে তাঁদের ‘ট্রাম্পকার্ড’।এদিকে আরেকটি খবর, ওয়ানডে দল থেকে বাদ পড়া শহীদ আফ্রিদিকে ফিরিয়ে আনা হতে পারে ওয়ানডে দলে! টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা আলাদা দল দেওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে চলছে বিতর্কের ঝড়। আফ্রিদির ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে একটা বড় বিতর্ক চলছে। অধিনায়ক মিসবাহ নিজেই নাকি আফ্রিদিকে ওয়ানডে দলে চেয়েছিলেন। সেই দাবিটা তখন গ্রাহ্য করা হয়নি। পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাসিম এখন বলছেন, আফ্রিদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করলে এবং টিম ম্যানেজমেন্ট যদি অনুরোধ করে, তাহলে নির্বাচকেরা বিষয়টি বিবেচনা করতে পারেন। ওয়েবসাইট।