পোল্যান্ডের সামনে আজ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কাছে হারের পর কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির মুখের হাসি উবে গিয়েছিল। পরশু বাংলাদেশ ৬-১ গোলে মেক্সিকোকে উড়িয়ে দেওয়ায় অনেক খুশি এই মালয়েশিয়ান। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শক্তিশালী পোল্যান্ডের সঙ্গে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৮তম দলটির সঙ্গে ৩০তম বাংলাদেশের জয়ের সম্ভাবনা সব সময়ই কম। গ্রুপপর্বে পোল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে জাপানকে। পোল্যান্ডের কাছে হারলে গ্রুপের তৃতীয় হবে বাংলাদেশ। সে ক্ষেত্রে ‘এ’ গ্রুপের দ্বিতীয় হওয়া দলটির সঙ্গে দেখা হবে। ‘এ’ গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেন বা ওমানের। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠে ভালো খেলার চিন্তাই করছেন বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণ কুমার, ‘পোল্যান্ড অনেক শক্তিশালী দল। তবে ওদের মোটেও ভয় পাচ্ছি না আমরা। জাপানের সঙ্গে পোল্যান্ডের ম্যাচটি মাঠে বসে দেখেছি। এ ছাড়া কোচ আমাদের পোল্যান্ডের ম্যাচের বেশ কিছু ভিডিও দেখিয়েছেন। নিজেদের সেরাটা খেলতে পারলে আশা করি ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’ ১৯৯৬ সালে বিশ্বকাপ হকির বাছাইপর্বে পোল্যান্ডের সঙ্গে সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-২ গোলে।