পোশাক কেলেঙ্কারির দায় কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বদলাচ্ছে। আধুনিক প্রযুক্তি এখন হাতের মুঠোয়। অথচ বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন পেছনে হাঁটছে! দেশের ইতিহাসে গেমসে গিয়ে পোশাক সমস্যায় কোনো খেলোয়াড় খেলতে পারেননি বলে কখনো শোনা যায়নি। এবার ইনচন এশিয়ান গেমস কি না সেই কেলেঙ্কারিই উপহার দিল!
ফেন্সার রেজাউল করিম আসাদকে দিয়ে শুরু। এরপর এল কারাতেকা শামীম ওসমানের নাম। শামীম খেলতে না পারার লজ্জার চেয়েও বড় লজ্জায় ফেলছেন বাংলাদেশকে। ৪ অক্টোবর গেমস শেষ হওয়ার দিন গেমস ভিলেজ থেকে তিনি লাপাত্তা! মাঝে কিছুদিন বন্ধ থাকার পর নড়াইলের এই খেলোয়াড়ের কল্যাণে ফিরে এসেছে গেমস থেকে পালিয়ে যাওয়ার কলঙ্ক। সঙ্গে পোশাক কেলেঙ্কারি যোগ হওয়ায় ইনচন এশিয়াড মাঠের বাইরের বাংলাদেশকে তুলে ধরেছে নেতিবাচকভাবে।
গেমসে কী পোশাক পরে খেলতে হবে সেই ‘ড্রেসকোড’সহ আনুষঙ্গিক সব তথ্য আগেই জানিয়ে দেয় আয়োজকেরা। তাছাড়া সংশ্লিষ্ট ফেডারেশনের সঙ্গে ওই খেলার আন্তর্জাতিক সংস্থারও যোগাযোগ থাকে গেমস-সংক্রান্ত বিষয়ে। এসব মনে করিয়ে দিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা পোশাকবিভ্রাটের দায় চাপালেন ফেডারেশনের ওপর, ‘বিওএ সময়মতো সব তথ্য ফেডারেশনকে জানিয়েছে। কাজেই দায় নিতে হবে ফেডারেশনকেই।’
সব দায়িত্ব ফেডারেশনের কাঁধে চাপালে বিওএর এত লোক গেমসে কেন যায়, সেই প্রশ্ন আসেই। প্রসঙ্গটা তুলে বিওএরই এক ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, বিওএ গেমসের কাজে সঠিক জায়গায় সঠিক লোক বসাতে পারেনি। ফেডারেশনের সঙ্গে ঠিকমতো যোগাযোগ, তাদের গেমস-সংক্রান্ত কাজে সম্পৃক্ত করা—প্রয়োজনীয় এই কাজগুলোতে ঢিলেমি ছিল কি না তা খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন ওই কর্মকর্তা। তবে এটা সত্য, কোন খেলোয়াড় কী পোশাক পরে খেলবেন চূড়ান্ত বিচারে তা দেখাশোনার মূল দায়িত্ব ফেডারেশনেরই।
কিন্তু সেই দায় নিতে রাজি নন ইনচনে একমাত্র ফেন্সারের সঙ্গে যাওয়া ম্যানেজার মনির হোসেন। তিনি সব দায়িত্ব চাপিয়েছেন আয়োজকদের ঘাড়ে, ‘আগের দিন কোরিয়ার টেকনিক্যাল কর্মকর্তারা আমাদের ফেন্সারের ড্রেস অনুমোদন করে সিলও মেরে দিয়েছিল। পরদিন প্রতিযোগিতায় যাওয়ার পর বলা হলো, পোশাক নাকি ঠিক নেই। তাহলে আগের দিন তাঁরা ওটা অনুমোদন করলেন কেন? কোরিয়ান টেকনিক্যাল লোকেরাই আসলে ভুলটা করেছে।’
আয়োজকদের কাঁধে দায়িত্ব চাপিয়ে দায় এড়ানোর সুযোগ নেই ফেন্সিংয়ের। কেননা, পোশাকবিভ্রাটে বাংলাদেশের ফেন্সার খেলতে পারেননি—এটাই গেমসের রেকর্ড বইয়ে লেখা হয়েছে। এমনিতে ফেন্সিংয়ের এশিয়ান গেমসে যাওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নটাকে আরও বড় করে তুলল পোশাক কেলেঙ্কারি। ফেন্সিং তবু পোশাকবিভ্রাটের কথা স্বীকার করছে। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান তো সেই পথেই হাঁটতে রাজি নন, ‘শামীমের পোশাক নিয়ে সমস্যা ছিল না। সে ওজন দিতে দেরি করায় খেলতে পারেনি।’
তবে গেমসে যাওয়া আরেক কারাতেকা আশরাফুল ইসলামের কাছ থেকে জানা গেল পোশাক সমস্যার কথা, ‘শামীম সময়মতো ওজন দিতে পারেনি। এটা নিয়ে ওর সমস্যা তো হয়েছিলই। তার ওপর পোশাক ঠিক ছিল না। দুটো কারণেই শেষ পর্যন্ত সে খেলতে পারেনি। পোশাক সমস্যায় আমিও পড়েছিলাম, পরে এক কোরিয়ানের কাছ থেকে পোশাক নিয়ে খেলতে পেরেছি।’
কেউ পোশাক সমস্যায় খেলতেই পারলেন না, কেউ অন্যের পোশাক নিয়ে খেললেন! বাংলাদেশ দল বলেই হয়তো এমনটা সম্ভব হলো। এমনিতে সম্ভাব্য ফল জানা বলে গেমসে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স বড় হয়ে ওঠেনি কখনো। ফলাফলের চেয়ে মানসম্মান ধরে রেখে দেশে ফিরতে পারা একটা কৃতিত্ব বলেই গণ্য হতো এত দিন। সেই ‘কৃতিেত্ব’ও এবার কালি ছেটাল পোশাক কেলেঙ্কারি।
পোশাক নিয়ে ঘটে যাওয়া এই লজ্জাজনক ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে দেশের ক্রীড়া প্রশাসন? নাকি আর সবকিছুর মতো এটিও হারিয়ে যাবে উদাসীনতার চোরাগলিতে?