পেয়ারের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩২ বছরের ইতিহাসে মাত্র ১২ জনের একজন হওয়া মানে তো ইতিহাস গড়াই। তবে এই ইতিহাস গড়ে রায়ান হ্যারিসের মুখটা গোমড়াই থাকার কথা। দুই ইনিংসেই প্রথম বলে আউট, এমন অগৌরবের রেকর্ড কে-ই বা চায়! অ্যাডিলেডে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়ে ‘কিং পেয়ার’ পাওয়াদের ছোট্ট তালিকায় ঢুকে গেছেন অস্ট্রেলীয় পেসার। টেস্ট ক্রিকেটে কিং পেয়ারের স্বাদ প্রথম পেয়েছিলেন ইংল্যান্ডের উইলিয়াম অ্যাটওয়েল, ১৮৯১-৯২ অ্যাশেজের সিডনি টেস্টে। হ্যারিসের আগে সর্বশেষ এই অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের ওপেনার জাভেদ ওমরের। জাভেদ আবার কিং পেয়ার পাওয়াদের ‘কিং’, টেস্ট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুবারই আউট হয়েছেন ইনিংসের প্রথম বলে! ২০০৭ সালে মিরপুরে জাভেদকে এই তিক্ত অভিজ্ঞতা উপহার দিয়েছিলেন জহির খান। একটা জায়গায় অনন্য হয়ে গেলেন হ্যারিসও, দুবারই আম্পায়ার আউট দেওয়ার পর রেফারেল চেয়েছিলেন তিনি। ফলাফলটা তো জানেনই!