পেয়ে খুশি, না পেয়ে হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সন্ধ্যায় টিকিট হাতে পেয়ে মহা খুশি কামরুজ্জামান। বাংলাদেশ-ইংল্যান্ড ও বাংলাদেশ-হল্যান্ড ম্যাচের ছয়টি টিকিট পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ, ‘এক মাসের পরিশ্রম ও উৎকণ্ঠা সার্থক।’গতকাল থেকে চট্টগ্রামে সিটি ব্যাংকের চকবাজার শাখায় বিশ্বকাপের এই দুটি ম্যাচের টিকিট বিতরণ শুরু হয়। তবে বিতরণে বিভ্রান্তিও রয়েছে। গত মাসে টিকিটের নিশ্চয়তাপত্রে যাঁরা শুধু ব্যাংক থেকে টিকিট সংগ্রহ করবেন বলে উল্লেখ করেছিলেন, তাঁরাই টিকিট পেয়েছেন। যাঁরা স্টেডিয়াম থেকে সংশ্লিষ্ট ম্যাচের টিকিট নিতে চেয়েছিলেন, তাঁরা টিকিট পাবেন ম্যাচের দুই দিন আগে স্টেডিয়াম থেকে। কিন্তু কাল টিকিট বিতরণের প্রথম দিনে দুই ধরনের নিশ্চয়তাপত্রধারীরাই সিটি ব্যাংকে লাইনে দাঁড়ান। পরে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয় স্টেডিয়াম থেকে যাঁরা টিকিট নিতে চেয়েছিলেন, তাঁদের টিকিট দেওয়া হবে না। জানা গেছে, চট্টগ্রামের দুটি ম্যাচের প্রায় ৯০ শতাংশ টিকিটই জানুয়ারিতে বিক্রি হয়ে গেছে। দুই ম্যাচ মিলে দর্শকসংখ্যা প্রায় ৩৭ হাজার। এদের মধ্যে মাত্র নয় হাজারের মতো মানুষ ব্যাংক থেকে টিকিট নিতে চেয়েছেন।ম্যাচের দুই দিন আগে স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহের সময় ভিড় হবে বলেই সাধারণ অনুমান। কিন্তু বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির টিকিটবিষয়ক প্রধান জি এস হাসান তামিম বলেছেন, ভিড় এড়াতে পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করা হবে।চট্টগ্রামের সিটি ব্যাংক গতকাল প্রায় দুই হাজার টিকিট বিতরণ করেছে বলে জানা গেছে। টিকিট বিতরণ করতে গিয়ে সমস্যার মুখেও পড়তে হয়েছে কর্মকর্তাদের। অগ্রণী ব্যাংক থেকে ইস্যু করা টিকিটের নিশ্চয়তাপত্রের ফটোকপিতে কর্মকর্তার সিল ও স্বাক্ষর নিয়ে হাজির হন কিছু টিকিটপ্রত্যাশী। সিটি ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক আবু সেলিম জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘এটা বিভ্রান্তিকর।’ আগামীকাল পর্যন্ত টিকিট বিতরণ করা হবে বলে তিনি জানান।বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচের টিকিট আজও সংগ্রহ করা যাবে।