পোডলস্কি, ওজিলকে নিয়ে জার্মান-সতর্কতা!
আর্জেন্টিনার বিপক্ষে শনিবারের কোয়ার্টার ফাইনালে মহারণের আগে জার্মান কোচ জোয়াকিম লোকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি। স্ট্রাইকার কাকাউকে আর্জেন্টিনার বিপক্ষে পাবেন কি না, তা এখনো জানেন না লো। এখন নতুন করে যদি পোডলস্কি ও ওজিলের মতো দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়েন, তা হলে মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না জোয়াকিম লোর।জার্মানির সমর্থকেরা উত্কণ্ঠিত হওয়ার আগেই বলে দেওয়া উচিত পোডলস্কি ও ওজিলের আর্জেন্টিনার বিপক্ষে মাঠের বাইরে থাকার কোনো আশঙ্কা এখনো না দেখা দিলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পোডলস্কি ও ওজিল বৃহস্পতিবার জার্মান দলের সঙ্গে অনুশীলনে নামেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ছোটখাটো ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলছেন এই দুই তারকা ফরোয়ার্ড। সেই ইনজুরি যেন বড় আকার না ধারণ করে, সে কারণেই পোডলস্কি ও ওজিলকে নিয়ে এই বাড়তি সতর্কতা। পোডলস্কি কয়েক দিন ধরেই ডান পায়ের পেশিতে কিছুটা ব্যথা অনুভব করছিলেন। ওজিলের অবশ্য কারণ অন্য। তিনি অনুশীলনের আগে কোচ লোকে জানিয়েছিলেন কিছুটা অসুস্থতার কথা।আগামী শনিবার বিশ্বকাপের সবচেয়ে গরম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।