পোডলস্কির জোড়া গোলে আর্সেনালের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Arsenal
Arsenal

হার দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা শুরু করেছিল আর্সেনাল। প্রথম ম্যাচে অ্যাশটন ভিলার কাছে গানাররা হেরেছিল ৩-১ গোলে। তবে আজ দ্বিতীয় ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কির জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে হারিয়েছে ৩-১ গোলে।
আর্সেনালের পক্ষে প্রথম গোলটি অবশ্য এসেছে অলিভার জিরোডের পা থেকে। প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় ফুলহ্যামের জালে বল জড়ান এই ফরাসি স্ট্রাইকার। ৪১ মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোলটির কারিগর থিও ওয়ালকট। তাঁর একটি শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছিলেন ফুলহ্যাম গোলরক্ষক ডেভিড স্টকডেল। ফিরতি বলটাই জোরালো শটে জালে জড়িয়েছেন পোডলস্কি। ২-০ গোলে এগিয়ে গিয়ে প্রথমার্ধ শেষ করার পর জয় অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল আর্সেনালের। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ফুলহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পোডলস্কি। ৭৭ মিনিটে ফুলহ্যামের পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে সক্ষম হন ড্যারেন বেন্ট।— সকারনেট