পোপের ম্যাচে নেই আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ আগস্ট বিশ্বজুড়ে প্রীতি ম্যাচের মেলায় ব্রাজিল-আর্জেন্টিনাসহ মাঠে নামছে প্রায় সব পরাশক্তি। তবে এত সব ম্যাচের ভিড়েও ইতালি-আজেন্টিনার ম্যাচটির মূল্য একটু আলাদা। দুই পরাশক্তির লড়াই বলেই নয়, ম্যাচটি ‘বিশেষ’ হয়ে উঠছে এটি পোপ ফ্রান্সিসের সম্মানে আয়োজন করা হচ্ছে বলেই। পোপ ফ্রান্সিসের জন্মসূত্রে জড়িয়ে আছে ইতালি-আর্জেন্টিনা দুই দেশেরই নাম। বাবা-মা ইতালিয়ান হলেও জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।খেলাপ্রেমী পোপ ম্যাচটা দেখবেন রোমের অলিম্পিক স্টেডিয়ামে বসে। তার আগে ভ্যাটিকান সিটিতে শুভেচ্ছা জানাবেন দুই দলকেই। সার্জিও আগুয়েরোর দুর্ভাগ্য, পোপের ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। গত পরশু এ ম্যাচের জন্য শুধু ইউরোপভিত্তিক খেলোয়াড়দের নিয়ে দল ঘোষণা করেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। কিন্তু চোট জায়গা পেতে দেয়নি ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকারকে। আগুয়েরোর মতো চোট কেড়ে নিয়েছে মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোকেও। ইউরোপের বাইরে খেলা খেলোয়াড়দের মধ্যে ২২ সদস্যের দলে ডাক পাওয়া ভাগ্যবান খেলোয়াড়টি হলেন মেক্সিকান ক্লাব মন্তেরেইর ডিফেন্ডার হোসে বাসান্তা। এ ছাড়া কোনো চমক নেই। মেসি, হিগুয়েইন, ডি মারিয়া, মাচেরানোরা পায়ের জাদুতে পোপকে মুগ্ধ করার সুযোগ পাাচ্ছন।একই দিনে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া ব্রাজিল দলেও কোনো চমক নেই। বাসেলের ম্যাচের জন্য কোচ লুইস ফেলিপে স্কলারি আস্থা রেখেছেন বলতে গেলে এক মাস আগে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেনস কাপের শিরোপা জেতা দলটার ওপরই। ২০ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ফ্রান্সের প্যারিস সেন্ট-জার্মেইয়ের ৩১ বছর বয়সী ডিফেন্ডার ম্যাক্সওয়েল। এর আগে ডাক পেলেও এখনো ব্রাজিলের হলুদ জার্সি গায়ে মাঠে নামা হয়নি তাঁর। কনফেডারেশনস কাপ ফাইনালের শুরুর একাদশের সবাই আছেন, যদিও নেইমারসহ ইউরোপিয়ান লিগে খেলা খেলোয়াড়েরা ছুটি কাটিয়ে মাত্রই যোগ দিয়েছেন নিজ নিজ ক্লাবে। রয়টার্স।