একটু হাসি। একটু হাতনাড়া। মাথা নিচু করে সম্মান জানানো। আবাহনী গ্যালারির সামনে নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার পথে এভাবেই দেখা গেল আরদেশির পোরনেমাতকে। সমর্থকদের করতালির জবাবে তাঁর এই সৌজন্য। ম্যাচের পর দুই পক্ষই খুশি। পোরনেমাত আর আবাহনীর সমর্থকেরা মিলে গেলেন একই বিন্দুতে। তবে এই প্রেম-ভালোবাসা কত দিন অটুট থাকবে, তা এখনই বলা কঠিন। শুরুটা অবশ্য ভালোরই ইঙ্গিতবাহী। নতুন ইরানি কোচের শুরুটা ফেনী সকারের বিপক্ষে ৩-০ জয় দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপা অভিযানও ভালোভাবেই শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। একতরফা ম্যাচ। ফেনী সকার তেমন আঁচড়ই কাটতে পারেনি। আবাহনীর আক্রমণ ঠেকাতেই বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছে দলটি। লিগে দু দলের আগের ছয় সাক্ষাতে আবাহনীর জয় পাঁচবার, ড্র একটি। এই পরিসংখ্যান ফেনী সকারের জন্য বিশেষ প্রেরণাদায়ক ছিল না। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকাশি-নীলদের ৪০ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত রাখতে পারাই বোধহয় সকারের বড় প্রাপ্তি।ম্যাচ ফিটনেসের অভাবে আবাহনী এবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেই ধরাশায়ী হয়েছে। পোরনেমাত দিন দশেক সময় পেয়েছেন দল নিয়ে কাজ করার। প্রথম দিনই এসে বলেছিলেন, ফিটনেস বাড়াতে হবে খেলোয়াড়দের। এই কদিনে ঘষে-মেজে মোটামুটি একটা জায়গায় দলটাকে আনতে পেরেছেন মনে হচ্ছে।পোরনেমাত এই প্রথম বড় কোনো দলের দায়িত্ব নিলেন। এএফসির কোচিং ইনস্ট্রাক্টর হিসেবে তাঁর বড় বড় ডিগ্রি আছে, এই দলকে উন্নত ট্যাকটিকসে খেলানোর অঙ্গীকারও করেছিলেন। তবে ট্যাকটিকস ঠিক করে সেটিকে কার্যকর করতে তাঁর যে আরও সময় লাগবে, তা বোঝা গেছে।দলটাকে খেলিয়েছেন ৪-৪-২ পদ্ধতিতে, আক্রমণাত্মক ছকই ৫৫ বছর বয়সী কোচের পছন্দ। নেতিবাচক ফুটবল খেলতে রাজি নন, এই বার্তাটা দিতে পেরেছেন। যে কারণে কখনোই রক্ষণাত্মক হওয়ার কথা চিন্তাই করেননি। গোল তিনটিও হয়েছে পাঁচ মিনিটের ঝড়ে। টানা তিনটি গোল করে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আবাহনী প্রাধান্য নিয়েই খেলে গেছে। তবে প্রতিপক্ষ দুর্বল বলে এদিন পরীক্ষা দিতে হয়নি, শক্ত প্রতিরোধের মুখে আবাহনীর কৌশল কী হবে দেখার বিষয়।৪০ মিনিটে সকারের গোলমুখ খুলে গেলে আত্মবিশ্বাসটা আরও বেশি পেয়ে গেল আবাহনী। এতক্ষণ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মিশুর কর্নার থেকে ইব্রাহিমের গোলমুখে তুলে দেওয়া বল হেডে জালে জড়ান ফ্রাঙ্ক। ৪৫ মিনিটি সেই ইব্রাহিমেরই ক্রসে এবার তৌহিদুলের হেডে ব্যবধান দ্বিগুণ। তৃতীয় গোলটাও তৌহিদুলের, প্রায় মাঝমাঠ থেকে পাওয়া থ্রু ধরে সকারের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলটা পাঠান জালে। আবাহনীর দীর্ঘদিনের সৈনিক ইব্রাহিমের গতি আগের চেয়েও কমে গেছে, কিন্তু এখনো চূড়ান্ত পাসগুলো বেশ ধারালো। এ নিয়ে ম্যাচ শেষে পোরনেমাত বললেন, ‘ওর পাসিং, গ্যাপে বল ঠেলা, গোল করানো...এগুলো বেশ ভালো। আশা করছি, সে আরও ভালো খেলবে।’আবাহনীর রক্ষণভাগটাকে দুর্বলই লাগল। প্রাণতোষ, ইয়োকো, বাতেন, তৌহিদুলকে নিয়ে গড়া মাঝমাঠ ভালোই খেলেছে। মোটামুটি গোছানোই ছিল। আক্রমণের গোল মিস কোচের নোট বুকে গুরুত্ব পেয়েছে আলাদা করে। পোরনেমাতের কথা, ‘আক্রমণভাগ নিয়ে আরও কাজ করতে হবে।’ মোটের ওপর ভদ্রলোক এই জয়ে খুশি, তবে ‘খেলায় পুরো সন্তুষ্ট নই’ বলে খেলোয়াড়দের চাপেই রাখলেন।