পোর্তোকে আর্সেনালের পাঁচ গোল
আর্সেনালের ছিল ‘ভুলের প্রায়শ্চিত্ত’ করার ব্রত। আর ফিওরেন্টিনার বায়ার্ন মিউনিখকে ছাপিয়ে যাওয়ার মিশন। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল প্রায়শ্চিত করল পোর্তোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। ফ্লোরেন্সে ৩-২ গোলের জয়ে বায়ার্ন মিউনিখকে ছাপিয়ে গেছে ফিওরেন্টিনা। তবে আর্সেনাল কোয়ার্টার ফাইনালে উঠলেও অ্যাওয়ে গোলের ফাঁদে আটকে পরশু রাতে শেষ ষোলোর বাধা পেরোতে পারল না ইতালির দলটি।আর্সেনাল নিজেদের মাঠে দ্বিতীয় লেগ শুরু করেছিল ১-২ গোলে পিছিয়ে থেকে। তবে ২৫ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে ৩-২-এ এগিয়ে দেন নিকলাস বেন্টনার। পরে অন্তিম মুহূর্তের পেনাল্টি গোলে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ডেনিস স্ট্রাইকার। দলের বাকি দুটি গোল সামির নাসরি ও ইমানুয়েল এবুর।প্রিমিয়ার লিগে শনিবার বার্নলির বিপক্ষে ম্যাচের পর ফিনিশিং দুর্বলতার জন্য সমালোচিত হয়েছিলেন বেন্টনার। আর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পোর্তো থেকে হেরে আসার পর দায় পড়েছিল রক্ষণভাগের ওপর। বেন্টনারের মতো আর্সেনাল রক্ষণভাগও ‘শাপমোচন’ করল পরশু। শুরু থেকেই আর্সেনালের স্ট্রাইকাররা যেমন ঝাঁপিয়ে পড়ে পোর্তোর রক্ষণভাগে, তেমনি পোর্তোর পাল্টা আক্রমণও খুব দক্ষতার সঙ্গেই নস্যাত্ করেছে ‘গানার’দের রক্ষণ।নতুন মৌসুমে বেন্টনারের কাছে গোল হয়ে ছিল সোনার হরিণ। এ ম্যাচের আগ পর্যন্ত মাত্র ৫টি গোলই ছিল তাঁর। সমর্থকদের একটা অংশ তো দাবি তুলেছিল, বেন্টনারকে বাদ দেওয়া হোক। কিন্তু তাঁর ওপর আস্থা রেখেছিলেন কোচ আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের বড় প্রয়োজনের দিনে কোচের আস্থার প্রতিদান দিলেন বেন্টনার, সঙ্গে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। আর্সেনালের ৫ গোলের তিনটিতেই অবদান রেখে গোল করানোয় ‘হ্যাটট্রিক’ করেছেন আন্দ্রেই আরশাভিন। ১০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যেতে পারতেন এই রুশ প্লে-মেকারই। বিদ্যুত্গতিতে বল নিয়ে পোর্তোর পেনাল্টি বক্সে ঢোকা আরশাভিনকে ঠেকিয়েছিলেন গোলরক্ষক হেল্টন। কিন্তু আরশাভিনের পা থেকে বল চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা বেন্টনারের কাছে। ফাঁকা জালে বল ঠেলে দেন বেন্টনার। ২৫ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটির উত্সও ওই আরশাভিনই। ৬৬ মিনিটে এবুর করা দলের চতুর্থ গোলটিও আসে এই রুশ প্লে-মেকারের সহযোগিতায়।ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে দলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক গোলটি করেন বেন্টনার। তবে অবশ্যই ম্যাচের ৬৩ মিনিটে ফরাসি স্ট্রাইকার নাসরির করা গোলটিই সেরা। পোর্তোর পেনাল্টি সীমানার বাইরে ডান দিকে বল পেয়ে শরীরের ঝাঁকুনিতে প্রথমে পেছনে ফেলেন এক পোর্তো ডিফেন্ডারকে। এর পর বক্সের মধ্যে আরও তিনজনকে কাটিয়ে প্রচণ্ড গতির এক কিক নেন। হেল্টনের সেটি তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। করার ছিল না ফিওরেন্টিনার খেলোয়াড়দেরও। দারুণ এক জয়ের পরও ম্যাচ শেষে তাকিয়ে তাকিয়ে বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার উল্লাস দেখেছেন তাঁরা। অথচ নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের প্রেরণায় পুরো ম্যাচটা কী দারুণই না খেলেছে সিরি ‘আ’তে অনুজ্জ্বল ফিওরেন্টিনা।প্রথম লেগে ১-২ গোলে পিছিয়ে থাকা ফিওরেন্টিনা ভারগাস ও জোভেটিচের গোলে ৫৪ মিনিটের মধ্যেই যায় এগিয়ে। ফ্লোরেন্সে ফিওরেন্টিনার মাঠে দলকে সমর্থন করতে যাওয়া কিছু সমর্থক তখন চুপচাপ, স্তব্ধ। ৬০ মিনিটে অসাধারণ এক গোল করে ক্ষণিকের জন্য তাদের স্তব্ধতা ভেঙেছিলেন অধিনায়ক ফন বোমেল। কিন্তু ৬৪ মিনিটে জোভেটিচ তাঁর দ্বিতীয় গোল করে আবারও উল্লাসে মাতান ফিওরেন্টিনা সমর্থকদের।তবে আরিয়েন রোবেনের গোলের পর আবার আনন্দ শুরু হয় বায়ার্ন সমর্থকদের। তাদের সেই আনন্দ আর থামেনি। মিশেছে গিয়ে শেষ আটে ওঠার উল্লাসে। এএফপি।