পোলক যখন ঢাকার 'ট্রাফিক পুলিশ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাফিক নিয়ন্ত্রকের ভূমিকায় পোলক, ফেসবুক থেকে নেওয়া ছবি
ট্রাফিক নিয়ন্ত্রকের ভূমিকায় পোলক, ফেসবুক থেকে নেওয়া ছবি

ঢাকা শহর আর যানজট অনেকটাই সমার্থক। ঢাকা শহরে বের হবেন আর যানজটে খাবি খাবেন না, তা কী করে হয়! সে হোন না সাধারণ নাগরিক কিংবা বিরাট তারকা। সম্প্রতি যানজটে পড়েছিলেন শন পোলকও। ঢাকার চিরায়ত যানজট দেখে আর বসে থাকতে পারলেন না সাবেক প্রোটিয়া অধিনায়ক। খেলোয়াড়ি জীবনে যেমন মাঝেমধ্যে জাত বোলার হয়েও দলকে উদ্ধার করতে ব্যাট হাতে নেমে পড়তেন, এ দিনও তারকা পরিচয় পাশে রেখে নেমে পড়লেন ট্রাফিক পুলিশের ভূমিকায়।
সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার-আকীর্ণ রাস্তাটাকে যানজটমুক্ত করার চেষ্টার কমতি ছিল না পোলকের। দক্ষিণ আফ্রিকা তারকার এ প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে কী উপায়! আফসোসের বিষয় হচ্ছে, এ উদ্যোগটি যাঁদের যথাযথ পালন করার কথা, তাঁরাই করেন না! দলকে যেভাবে পথ দেখাতেন, তেমনি নগরবাসীকেও দেখিয়ে দিলেন—নাগরিক হিসেবেও কিছু দায়-দায়িত্ব তো আছেই।
ছবিটি তুলেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাইমেন শোয়েব। শোয়েব জানালেন, ১ এপ্রিল অফিস শেষে হাতিরপুলের বাসায় ফিরছিলেন। এ সময় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সিগন্যালে আটকে ছিল তাঁর গাড়ি। অনেকক্ষণ ধরে সিগন্যাল আটকে থাকায় হোটেল সোনারগাঁওয়ের পথটিতে গাড়ির জট লেগে যায়। হোটেল থেকে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মাঠে নিয়ে যাওয়ার বাসটি বের হতে পারছিল না রাস্তায় এলোমেলোভাবে আটকে থাকা সিএনজিচালিত অটোরিকশা ও গাড়িগুলোর জন্য। তখন পোলক বাস থেকে নেমে নিজেই শৃঙ্খলা আনার চেষ্টা করেন। এ সময়ই ক্যামেরায় পোলককে বন্দী করেন শোয়েব।