পোলার্ড-তাণ্ডবে ঢাকার সহজ জয়
শেষ ৫ ওভারে দরকার ৩৯ রান, হাতে ৫ উইকেট। ম্যাচটা তখনো ঢাকা গ্ল্যাডিয়েটরসের হাতেই ছিল। কিন্তু সহজ ম্যাচ আরও কত সহজে জেতা যায়, কাইরন পোলার্ড বোধ হয় সেটাই দেখাতে চাইলেন। তাঁর ক্যারিবীয় ঝড়ে ১০ বল বাকি থাকতেই জয়ের উল্লাস ঢাকার ডাগ-আউটের সামনে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল বার্নার্সের বিপক্ষে কালকের ৫ উইকেটের জয় ৯ ম্যাচে ১০ পয়েন্ট এনে দিয়েছে ঢাকাকে, সেমিফাইনালের স্বপ্ন এতে আরও জীবন্ত। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া বরিশাল বার্নার্সের সম্ভাবনা নিভু নিভু।বিপিএলেও ধারাবাহিকতার সংকটে মোহাম্মদ আশরাফুল। দুই ম্যাচ ভালো খেলে দুই ম্যাচ ফ্লপ। কবির আলীর করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে হজের ক্যাচ হলেন বিনা রানেই। দলের ১১ রানের মাথায় আফতাবেরও ফিরে যাওয়ায় ১৫৬ রানের জবাব দিতে নেমে কিছুটা অস্বস্তিতেই পড়ে যায় ঢাকা গ্ল্যাডিয়েটরস।ত্রাণকর্তা হলেন দুই পাকিস্তানি ইমরান নাজির ও আজহার মেহমুদ। তৃতীয় উইকেটে তাঁদের ৯২ রানের জুটির সৌজন্যে আর পেছন ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। চট্টগ্রামে পিটার ট্রেগোর বাউন্সারে মাথায় আঘাত পাওয়া ইমরান আগের ম্যাচে বিশ্রামে ছিলেন। কাল ফিরেই আগের ফর্মে, তিন ছক্কা আর ছয় বাউন্ডারিতে ৪০ বলে ৬৫। আজহারের ৩০ বলে করা ৪২ রানে বাউন্ডারি সাতটা। তবে দর্শক বিনোদিত পোলার্ডের ব্যাটিংয়ে। ১৭ বলে অপরাজিত ৩৫-এ বাউন্ডারি মাত্র একটা থাকলেও ছক্কা ৪টি। এর তিনটিই আহমেদ শেহজাদের করা ইনিংসের ১৮তম ওভারে। সঙ্গে পোলার্ডেরই মারা একটা বাউন্ডারিসহ শেহজাদ ওই ওভারেই দিয়েছেন ২৩ রান!পোলার্ড-ইমরানদের সৌধে শেষ ইটটা বসিয়েছেন আনামুল হক। ১৯তম ওভারের দ্বিতীয় বলে কবিরকে স্কয়ার লেগের ওপর দিয়ে দুর্দান্ত এক ছক্কাতেই ঢাকার জয়োল্লাস ছড়িয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই তরুণ।সহজ জয়ের জন্য ঢাকা ধন্যবাদ দিতে পারে বরিশাল বার্নার্সের মিডল-অর্ডার ব্যাটসম্যানদের। হজ-শেহজাদের ৪০ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে শেহজাদ-মাস্টার্ডের ৫৯ শুরুতে ভালো গতি দিয়েছিল স্কোরবোর্ডকে। কিন্তু বরিশাল মার খেয়ে গেল শেষ ৫ ওভারে। ১৫তম ওভার শেষে রান যেখানে ৩ উইকেটে ১২৬, ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬! এই ৫ ওভারে রান এসেছে মাত্র ৩০, বাউন্ডারি মাত্র একটা!সেমিফাইনালের সম্ভাবনা দূরে সরে যাওয়ায় ম্যাচ শেষে হতাশই মনে হলো বরিশালের অধিনায়ক ব্র্যাড হজকে। অবশ্য অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার যেন সবকিছুতেই হতাশ! দলের সবকিছু থেকে যেন অনেকটাই দূরে সরে আছেন তিনি। সেটা আরও ভালোভাবে প্রকাশ পেল যখন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাঁর কাছে জানতে চাওয়া হলো, চট্টগ্রামে ও রকম অসাধারণ একটা ম্যাচ জেতানোর পরও কাল মমিনুলকে কেন সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হলো। হজের উত্তর, ‘আমি ঠিক নিশ্চিত নই, কোচই ভালো বলতে পারবেন...।’ তবে একটা বিষয় স্বীকার করে গেছেন অধিনায়ক, ‘রানটা কম হয়ে গেছে। ১৭০-১৭৫ হলে জেতা সম্ভব ছিল।’সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১৫৬/৬ (শেহজাদ ৫১, মাস্টার্ড ৩৩, হজ ২৩, মিঠুন ২৪*, রমিজ জুনিয়র ১৭; রানা ২/২২, আশরাফুল ১/১৪, সানি ১/২৮)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৮.২ ওভারে ১৬০/৫ (ইমরান ৬৫, আজহার ৪২, পোলার্ড ৩৫*, আনামুল ১১*; কবির ২/১৮, সোহরাওয়ার্দী ২/২৬, শেহজাদ ১/৪১)। ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইমরান নাজির।