পোলার্ডকে বাংলাদেশের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথার জবাব কথায় নয়, ক্রিকেটে তা দিতে হয় পারফরম্যান্স দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের সহঅধিনায়ক কাইরন পোলার্ডের দম্ভের জবাব আজ পারফরম্যান্স দিয়েই দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।খুলনায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। ওই ম্যাচে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের মতোই চরমভাবে ব্যর্থ ছিলেন পোলার্ডও। আউট হয়েছিলেন ১৫ রানে। এর পরেও সংবাদ সম্মেলনে এসে দম্ভোক্তি করে গেছেন অবলীলায়। বাংলাদেশি বোলারদের কৃতিত্ব না দিয়ে বলেছিলেন, ক্যারিবীয় ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে বলেই নাকি বাংলাদেশ জিতেছে! আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১৬০ রানের বড় ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশে বোলারদের কাছে অসহায়ত্ব প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ১৩২ রান। খেলায় তখনও ১৯ ওভার বাকি। এবার কী বলবেন পোলার্ড? এটা বাংলাদেশের বোলারদের সাফল্য নাকি ক্যারিবীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা!পোলার্ড গত ম্যাচে আরেকটি আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জবাবও এরই মধ্যে পেয়ে গেছেন তিনি। নিজের আউট হওয়া ব্যাখ্যা করতে গিয়ে পোলার্ড বলেছিলেন, ‘যে বলে আউট হয়েছি (শর্ট বল), দশটার মধ্যে নয়টাতেই আমি মাঠের বাইরে আছড়ে ফেলব। একটু বাড়তি বাউন্স ছিল, সরাসরি ফিল্ডারের কাছে চলে গেল। খেলাটাই এমন। কাল (দ্বিতীয় ওয়ানডে) যদি আবার এই বল পাই, আমি একই শটই খেলব। তখন বল চলে যাবে ঢাকায়!’আজকের ম্যাচে বেশ কয়েকটা শট বল পেলেন পোলার্ড। কিন্তু খুলনা থেকে ঢাকায় পাঠানো দূরে থাক, বল উড়িয়ে তো বাউন্ডারিই পার করতে পারলেন না তিনি! ৩৫ বলের ইনিংসে অতি কষ্টে ২৫ রান করে নাঈমের বলে বোল্ড তিনি! এবার যে ব্যাটে বল লাগানোর ‘কষ্ট’টাও করতে হল না পোলার্ডকে!ড্যারেন স্যামি অবশ্য আজ নিজেদের ব্যর্থ স্বীকার করে নিয়েছেন। ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দুটি ম্যাচেই অসাধারণ খেলেছে। ওরা সত্যি আমাদের পর্যুদস্ত করেছে।’বাংলাদেশি ক্রিকেটাররা যথার্থ জবাব দিয়েছেন। ক্যারিবীয়দের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামিও। এখন বিবেচনাবোধ থাকলে নিজের ভুল বুঝতে পারার কথা পোলার্ডের।